admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২১ ১০:৩৮ অপরাহ্ণ
করোনাভাইরাস ভারতে ভয়াবহ, একদিনে আক্রান্ত ৬০ হাজার। ভারতের করোনা পরিস্থিতি এখন আর উদ্বেগজনক পর্যায়ে নেই, এখন তা রীতিমতো ভয়াবহ আকার নিয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৫৯ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। যা স্পষ্টতই প্রমাণ দিচ্ছে, এই মারণ ভাইরাস ভারতে দ্বিতীয়বার হানা দিয়েছে। করোনাভাইরাসের ডাবল মিউট্যান্ট স্ট্রেইন এরইমধ্যে ছড়িয়েছে ২৮ রাজ্যে। এরমধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্রে। স্রেফ গত ২৪ ঘণ্টায় মারাঠাভূমে আক্রান্ত হয়েছেন ৩০ হাজারের বেশি মানুষ। এরমধ্যে খালি মুম্বাইয়ে একদিনে আক্রান্ত ৫ হাজার। অন্যান্য কয়েকটি রাজ্যেও পরিস্থিতি ভয়াবহ। বিশেষ করে কেরালা-তামিলনাড়ুর মতো ভোটমুখী রাজ্যে। পশ্চিমবঙ্গে ফের ৫০০ জনের বেশি আক্রান্ত হয়েছেন।
শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫৯ হাজার ১১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের চেয়ে কয়েক হাজার বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৮ লাখ ৪৬ হাজার ৬৫২ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৬০ হাজার ৯৪৯ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৫৭ জনের। এ সংখ্যা আগের দিনের থেকে সামান্য বেশি।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনামুক্ত হয়েছেন ৩২ হাজার ৯৮৭ জন। যা দৈনিক আক্রান্তের অর্ধেক। ফলে দেশটির মোট অ্যাকটিভ কেস বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ২১ হাজার ৬৬ জন। গত বেশ কয়েকদিন সংখ্যাটা নিয়মিত হারে বাড়ছে। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ১২ লক্ষ ৬৪ হাজার ৬৩৭ জন। এখনও পর্যন্ত মোট টিকা পেয়েছেন ৫ কোটি ৫৫ লক্ষ ৪ হাজার ৪৪০ জন।