admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২১ ৬:২৬ অপরাহ্ণ
ওয়াশিংটনে যাচ্ছে ইসরায়েলি প্রতিনিধি দল, টার্গেট ভিয়েনা -ইরান। ইরানের সঙ্গে ছয় জাতি-গোষ্ঠীর পরমাণু সমঝোতায় যুক্তরাষ্ট্রের ফেরা নিয়ে আলোচনা নতুন করে শুরু হয়েছে। এই প্রচেষ্টা ব্যর্থ করতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরায়েল। একাধিক সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম এক্সোয়িস জানায়, এক সপ্তাহের মধ্যেই প্রতিনিধি দলটি ভিয়েনায় অবস্থান নেবে। তবে এ বিষয়ে তেল আবিবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।
খবরে বলা হয়, প্রতিনিধি দলকে ভিয়েনায় যাওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের পরমাণু ইস্যু নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করবেন তারা। এই প্রতিনিধি দলের মূল লক্ষ্য হচ্ছে পরমাণু সমঝোতা নিয়ে চলমান আলোচনা ব্যর্থ করে ইসরায়েলি স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করা। পরমাণু সমঝোতায় যুক্তরাষ্ট্রের ফেরা ঠেকাতে সর্বাত্মক চেষ্টা চালাবে তারা। এ ছাড়া যুক্তরাষ্ট্রকে চুক্তিতে ফেরা থেকে বিরত রাখতে দেশটিতে একই ধরনের একটি প্রতিনিধি দল পাঠানোর কথা জানিয়েছে ইসরায়েলি সূত্র। আগামী সপ্তাহে তারা ওয়াশিংটনে পৌঁছতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, দীর্ঘ আলোচনার পর ২০১৫ সালে ইরানের সঙ্গে বিশ্বের শক্তিধর ছয় জাতি-গোষ্ঠীর পরমাণু সমঝোতা চুক্তি সই হয়। চুক্তিটি হয়েছিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে, যাতে প্রবল বিরোধিতা করে ইসরায়েল। পরবর্তী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটি থেকে তার দেশকে প্রত্যাহার করে নেন ২০১৮ সালে। সেইসঙ্গে তেহরানের ওপর ফের দফায় দফায় নিষেধাজ্ঞা চাপিয়ে দেন তিনি। চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসেন জো বাইডেন, যিনি নির্বাচনের আগেই চুক্তিতে ফেরার ঘোষণা দেন। তার সেই প্রচেষ্টা বাধাগ্রস্ত করার চেষ্টা করে যাচ্ছে ইসরায়েল।