admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২১ ১২:২৭ পূর্বাহ্ণ
ইরান এবং পাকিস্তান যৌথ নৌমহড়া করবে বলে জানা গেছে। ইরানের বন্দর আব্বাস এবং লার্ক আইল্যান্ডে শিগগির এ মহড়া অনুষ্ঠিত হবে। সামরিক শিক্ষা এবং গোয়েন্দা অভিজ্ঞতা বিনিময়, এ অঞ্চলের নৌপথ সুরক্ষা, দুই প্রতিবেশী দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি, ইত্যাদি বিষয়কে মাথায় রেখে এ মহড়া অনুষ্ঠিত হবে। ইরানের প্রতিরক্ষা সূত্রকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে মেহের নিউজ। এদিকে, ইরানের বন্দর আব্বাসে নোঙর করেছে পাকিস্তানের একটি নৌবহর। এতে রয়েছে নৌবাহিনীর দুটি জাহাজ। জাহাজগুলোর সেখানে তিনদিন অবস্থান করার কথা।

ইসলামাবাদ এবং তেহরানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের লক্ষ্যেই পাকিস্তানি নৌবহর ইরানে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বন্দরে পৌঁছানোর পর পাকিস্তানি নৌবহরকে স্বাগত জানান ইরানের নৌবাহিনীর কর্মকর্তারা। ইরানের নৌবাহিনীর কর্মকর্তা রেজা শিবানি বলেছেন, পাকিস্তানি জাহাজের বহর প্রতি বছরই ইরানের বন্দর আব্বাসে নোঙর করে। কিন্তু গত বছর করোনা মহামারির কারণে নিয়মিত এই কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হয়নি। তিনি আরও বলেন, পাকিস্তানের নৌবহরের সঙ্গে আসা কর্মকর্তারা ইরানি কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আলোচনা করবেন। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়েও মতবিনিময় হবে। জানা গেছে, তিনদিন অবস্থানের পর এসব পাকিস্তানি জাহাজকে বিশেষ মহড়ার মাধ্যমে বিদায় জানাবে ইরানি নৌবাহিনী।