admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২১ ১১:৫৮ অপরাহ্ণ
আবুল হায়াত করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে। প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের কিংবদন্তি অভিনেতা, পরিচালক ও সাহিত্যিক আবুল হায়াত। বর্তমানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি।এ তথ্যটি নিশ্চিত করেছেন প্রখ্যাত এই অভিনেতার মেয়ে নাতাশা হায়াত। তিনি আজ বৃহস্পতিবার জানান, গতকাল বুধবার দিবাগত রাত থেকে হাসপাতালে ভর্তি আছেন তার বাবা আবুল হায়াত। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছেন বলেও জানান নাতাশা।
তার বাবার জন্য জরুরি ভিত্তিতে এ পজিটিভ গ্রুপের প্লাজমা প্রয়োজন জানিয়ে আবুল হায়াতের মেয়ে বলেন, করোনা থেকে তিন সপ্তাহ আগে সুস্থ হয়েছেন- এমন ব্যক্তিদের প্লাজমা দরকার। এ জন্য দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন বলেও জানান তিনি। নাতাশা হায়াত আরো বলেন, তার পরিবারের সবাই এ মুহূর্তে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তাই কোনো কারণে তাকে বা পরিবারের সদস্যদের ফোন অথবা ম্যাসেঞ্জারে কোনো তথ্যের জন্য বিরক্ত না করতেও অনুরোধ করেন তিনি। নিজের বাবার জন্য দোয়াও চান নাতাশা। বলেন, আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, যাতে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।