মনসুর আহাম্মেদ, ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ৯:২৬ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বিভিন্ন এলাকায় হঠাৎ শিলাবৃষ্টিতে আমন ধানসহ বিভিন্ন ফসল ও শাকসবজির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। সন্ধ্যা থেকে শুরু হওয়া আকস্মিক এই শিলাবৃষ্টিতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকরা।
জানা যায়, সন্ধ্যার পর জেলার বিভিন্ন এলাকায় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় বেশ কিছুক্ষণ ধরে শিলাসহ বৃষ্টি হয়।
এতে সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা করছেন আমন ধান চাষিরা। মাঠে থাকা পাকা ও আধাপাকা আমন ধান শিলার আঘাতে ঝরে পড়ার শঙ্কা রয়েছে। এছাড়া মৌসুমী শাকসবজি ও অন্যান্য ফসলেরও ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।
কৃষকরা জানান, এই সময়টাতে ধান কাটার ভরা মৌসুম। এমন সময়ে শিলাবৃষ্টি তাদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।