admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ আগস্ট, ২০২৪ ১১:৪৩ পূর্বাহ্ণ
মুক্ত কলম আই টি ডেক্স: মোবাইল ফোন গ্রাহকদের জন্য ১ ও ৩ দিন মেয়াদি ডাটা প্যাকেজ চালুর নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ। সোমবার (২৯ জুলাই) সকালে তিনি এ তথ্য জানান।
এর আগে, টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছিলেন, গ্রাহকের পছন্দ অনুযায়ী ডাটা প্যাকেজ চালু করা হবে।গত বছরের ১৫ অক্টোবর থেকে মোবাইল গ্রাহকদের জন্য তিন ও ১৫ দিনের ডাটা প্যাকেজ বন্ধ করে দেয় বিটিআরসি। নতুন নিয়মে ৭, ৩০ ও আনলিমিটেড — এ তিন মেয়াদে ডাটা অফারের নির্দেশনা দেয়া হয়। যদিও ওই সময় বিটিআরসির জরিপে উঠে আসে প্রায় ৭০ শতাংশ অর্থাৎ ৭ কোটি গ্রাহকের পছন্দ ৩ দিন মেয়াদি প্যাকেজ।
নতুন ওই সিদ্ধান্তে ক্ষুব্ধ হন গ্রাহকরা। আপত্তি তোলে মোবাইল অপারেটররাও। চাপের মুখে সম্প্রতি গ্রাহকের পছন্দ অনুযায়ী ডাটা প্যাকেজ চালুর কথা জানান টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। রোববার (২৮ জুলাই) বিটিআরসিতে ফোরজি নেটওয়ার্ক চালু নিয়ে আয়োজিত বৈঠকে মোবাইল অপারেটরদের ১ ও ৩ দিন মেয়াদি ডাটা প্যাকেজ চালুর নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
এ অবস্থায় নির্দেশনা মেনে মধ্যরাত থেকেই প্রিপেইড ও পোস্টপেইড মিলে ১ ও ৩ দিন মেয়াদি ডাটা প্যাকেজ অফার করেছে বাংলালিংক। ৩১ থেকে ৫৪ টাকায় এসব প্যাকেজ কিনতে পারবেন গ্রাহকরা। প্যাকেজ চূড়ান্ত করে অনুমোদনের জন্য বিটিআরসির কাছে আবেদন করেছে রবিও। আজকের (সোমবার) মধ্যে ১ দিন মেয়াদি ডাটা প্যাকেজ চালু করতে পারে গ্রামীণফোন। জানা যায়, নতুন নির্দেশনার পর সাড়ে ১২ কোটি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের ১, ৩, ৭, ৩০ ও আনলিমিটেড – এ পাঁচ মেয়াদে ৪০টি ডাটা প্যাকেজ অফার করবে মোবাইল অপারেটররা।