admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২২ ৩:১৪ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টার ঢাকাঃ একটি হাউজিংয়ের নির্জন স্থান থেকে ৬৬ জন জামায়াতে শিবিরের নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় বিভিন্ন আলামত জব্দ করা হয়। তারা গোপনে রুকন সম্মেলন করছিলেন বলে জানা গেছে।
শনিবার (১৯ নভেম্বর) দুপুরের দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা।
এর আগে গতকাল শুক্রবার বিকেলে ভাকুর্তা ইউনিয়নের চাপড়া এলাকার ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভেতর থেকে তাদের গ্রেফতার করা হয়।
প্রাথমিকভাবে তাদের সম্পর্কে বিস্তারিত জানায় নি পুলিশ। গ্রেফতারকৃতদের বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন সাভার মডেল থানা পুলিশ। তবে গ্রেফতারকৃতরা রাজধানীর মোহাম্মদপুর পশ্চিম থানাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভেতর থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা গোপনে জামায়াতের বার্ষিক রুকন সম্মেলনের আয়োজন করেছিলেন। পরে সাভার মডেল থানার একাধিক টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা নাশকতার পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছে পুলিশ। এবং এদের বেশীর লোকের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
সরকারী পুলিশ সুপার (সাভার সার্কেল) এএসপি শহিদুল ইসলাম বলেন, ৭ টি ককটেল, কিছু জিহাদী বই, সদস্য সংগ্রহের ফরম, চাঁদার রশিদ, দেশীয় অস্ত্রসহ ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ আরও জানান ৭ দিনের রিমান্ড চেয়ে ঢাকার আদালতে পাঠানো হয়েছে।