আমির হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ণ
বাজারে মাতলামি ও অসংলগ্ন আচরণের অভিযোগ, স্থানীয়দের খবরে পুলিশের অভিযানে সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন করে মাতলামি ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলা কৃষকদলের দুই নেতাকে আটক করেছে থানা পুলিশ।আটক ব্যক্তিরা হলেন তাহিরপুর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির ও উপজেলা কৃষকদল নেতা আকবর আলী।
শনিবার (৩১ অক্টোবর) রাত ৭টা ১০ মিনিটের দিকে তাহিরপুর বাজারের নৌকাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মদ্যপ অবস্থায় ওই দুই ব্যক্তি তাহিরপুর বাজারে মাতলামি ও অসংলগ্ন আচরণ করছিলেন বলে অভিযোগ ওঠে।
এতে বাজারে চলাচলকারী সাধারণ মানুষ বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন। তাদের এমন আচরণে অতিষ্ঠ হয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে।
স্থানীয়দের অভিযোগ, ওই দুই ব্যক্তি প্রায়ই মাদক সেবন করে বাজারে এসে মাতলামি ও বিশৃঙ্খল আচরণ করেন। এতে বাজারের স্বাভাবিক পরিবেশ এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আটকের বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।