admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২২ ১১:২১ পূর্বাহ্ণ
পাকিস্তানের ট্রেন ১২ বছর পর ইস্তাম্বুলে। পাকিস্তান থেকে পণ্যবাহী প্রথম ট্রেনটি গতকাল বৃহস্পতিবার ইস্তাম্বুলে পৌঁছেছে। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর দুই দেশের মধ্যে যোগাযোগের নতুন মাত্রা শুরু হয়েছে। ২২ টন ধারণক্ষমতার আটটি ওয়াগনের সমন্বয়ে গঠিত ইসলামাবাদ-তেহরান-ইস্তাম্বুল (আইটিআই) কার্গো ট্রেনটি গত ২১ ডিসেম্বর ইসলামাবাদ থেকে যাত্রা শুরু করে এবং ৫ হাজার ৯৮১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইস্তাম্বুলে পৌঁছায়। সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রত্যাশা, নতুন এই সংযোগের ফলে তিন দেশের মধ্যে বাণিজ্য আরো বৃদ্ধি পাবে।
ইস্তাম্বুলে ট্রেনটির আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তুরস্কের পরিবহন ও অবকাঠামো মন্ত্রী আদিল কারাইসমাইলোগ্লু, পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য মাখদুম জাইন হুসেন কুরেশি এবং তুরস্কে ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফারাজমান্দ উপস্থিত ছিলেন। কারাইসমাইলগ্লু বলেন, আগে পাকিস্তান ও তুরস্কের মধ্যে পণ্য পরিবহনে সমুদ্রপথে ৩৫ দিন লেগে যেত। এখন এই ট্রেনের মাধ্যমে সময় ও খরচ অনেকখানি সাশ্রয় হবে। ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যের বিকাশ ঘটবে অনেক বেশি।
কুরেশি এক সাক্ষাতকারে আনাদোলু এজেন্সিকে বলেন, এ ধরনের যোগাযোগের মাধ্যমে আমরা ইউরোপীয় বাজারগুলোতে অ্যাক্সেস পাবো এবং তুরস্ক মধ্য এশিয়ার রাজ্যগুলোতে প্রবেশ করতে পারবে। ফলে এটি হবে একটি পারস্পরিক উপকারী ব্যবস্থা। আশাকরি, এটি টেকসই হবে এবং আমরা আরো অনেক এগিয়ে যেতে পারবো।
তুরস্কে ইরানের রাষ্ট্রদূত ফোরাজমান্দ জানান, আইটিআই রেলওয়ে প্রকল্পটি প্রথম ২০০৯ সালে চালু হয়েছিল কিন্তু কিছু সমস্যার কারণে তা স্থগিত করা হয়। এখন আবারো তা চালু করা হয়েছে। তিনি জানান, তিনটি দেশ অদূর ভবিষ্যতে একই রুটে একটি যাত্রীবাহী ট্রেন চালু করার পরিকল্পনা করছে। ইসলামাবাদ থেকে ইস্তাম্বুল পর্যন্ত ট্রেনের অনুমোদন দেয়া হয়েছিল ২০০৯-এ। তারপর পাকিস্তান থেকে তুরস্কে আটটি ট্রেন পাঠানো হয়েছে। আরও ছয়টি লোকোমোটিভ পাকিস্তানের উদ্দেশ্যে তুরস্ক ছেড়ে যায়। কিন্তু ২০০৯ সালে পাকিস্তানে বন্যার কারণে ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যায়।