admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২২ ২:১৮ অপরাহ্ণ
ফ্রান্সে নতুন বছর উদযাপনের প্রাক্কালে অন্তত ৮৭৪টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এরপরও এই ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিবছরই দেশটিতে ইংরেজি নববর্ষে গাড়ি পোড়ানোর হিড়িক দেখা যায়। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন এতে সন্তোষ প্রকাশ করে বলেছেন, আগের বছরগুলোর চেয়ে এবার কম গাড়ি পোড়ানো হয়েছে। তাই তিনি খুশি।
এর জন্য অবশ্য করোনার অবদানের কথা উল্লেখ করে ডারমানিন মন্তব্য করেন, করোনাভাইরাসের কারণে এবার লোকজন কম বের হয়েছে। ফলে গাড়িও কম পুড়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন বছর উদযাপন উপলক্ষ্যে ২০১৯ সালে এক হাজার ৩১৬টি গাড়ি পোড়ানো হয়েছিল। সে তুলনায় এবার ৪৫০টি গাড়ি কম পুড়েছে। তবে ২০১৯ সালে ৩৭৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হলেও এবার সে সংখ্যা ছিল ৪৪১।
এসব লোকের বেশিরভাগকেই অগ্নিসংযোগের জন্য আটক করা হয়। ২০০৫ সালে ফ্রান্সের কয়েকটি মফস্বল শহরে দাঙ্গা ছড়িয়ে পড়েছিল। সে সময় দাঙ্গার সাথে জড়িত পক্ষগুলো ব্যাপকভাবে গাড়ি পোড়ায়। সেই থেকে দেশটিতে নতুন বছর উদযাপনের সময় গাড়িতে অগ্নিসংযোগ করা একটি জনপ্রিয় প্রথায় পরিণত হয়েছে।
এদিকে, করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে ইউরোপজুড়ে। এজন্য লোক সমাগমের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯ কোটি ৩ লাখ ৩৭ হাজার ৩৬৩ জন। মারা গেছে ৫৪ লাখ ৫৯ হাজার ৭৩৮ জন। এর মধ্যে ইউরোপে আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৮৭ লাখ ৩৪ হাজার ১৬৩ জন, মারা গেছেন ১৫ লাখ ৩১ হাজার ৩৪২ জন। এর মধ্যে ফ্রান্সে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক কোটি দুই লাখ ৫০ হাজার ৩৫৮ জন। দেশটিতে মারা গেছেন এক লাখ ২৩ হাজার ৯৪২ জন। গতকাল ফ্রান্সে নতুন আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৪৩২ জন। একই সময়ে দেশটিতে মারা গেছেন ৯১ জন।