admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২১ ৮:৫৩ পূর্বাহ্ণ
মোঃ রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টার ঢাকা থেকেঃ বাংলাদেশ মোবাইল প্রযুক্তি ফাইভ-জি যুগে প্রবেশ করল। পঞ্চম প্রজন্মের মোবাইল প্রযুক্তি তথা ফাইভ-জি যুগে প্রবেশ করল। প্রাথমিকভাবে দেশের ৬টি এলাকায় পরীক্ষামূলক ভাবে ফাইভ-জি সেবা চালু করা হয়েছে। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক এই সেবা প্রদান করবে। ঢাকায় র্যা ডিসন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এর উদ্বোধন করা হয়। আজ রোববার থেকে শুরু হওয়া পরীক্ষামূলক এই ফাইভ-জি সেবায় প্রযুক্তিগত সহায়তা দিয়েছে হুয়াওয়ে।

বাংলাদেশ ফাইভ-জি যুগে প্রবেশ করল।
এর মাধ্যমে বাংলাদেশ উচ্চ গতির মোবাইল ইন্টারনেটের জগতে পা রাখল। অবশ্য টেলিটক এই সেবা দিলেও শুরুতেই দেশের সকল গ্রাহক ফাইভ-জি সেবা উপভোগ করতে পারছেন না। কারণ প্রথম পর্যায়ে ৬টি স্থানে মিলবে এই সেবা। সেগুলো হলো প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়, জাতীয় সংসদ ভবন, ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর, সাভারের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকা এবং টুঙ্গিপাড়া। এদিন অনুষ্ঠানে জানানো হয়, পর্যায়ক্রমে জেলা পর্যায়ে এই ফাইভ-জি নেটওয়ার্ক সম্প্রসারণ করবে টেলিটক কর্তৃপক্ষ। আগামী ২০২২ সালের মধ্যে দেশের ২০০টি এলাকায় এই সেবা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি। বর্তমানে বিশ্বের প্রায় ৬০টি দেশে ফাইভ-জি চালু হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফাইভ-জি উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এ ছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা দেখানো হয়।ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এর আগে জানিয়েছেন, সারা দেশে ফাইভ-জি নেটওয়ার্ক ছড়িয়ে দিতে আগামী বছরের মার্চ মাসে তরঙ্গ নিলাম করবে সরকার। এর মাধ্যমেই দেশে ফাইভ-জি চালু করতে পারবে বেসরকারি মোবাইল অপারেটরগুলো।