admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ জুলাই, ২০২০ ২:৫৩ অপরাহ্ণ
উঠোনে খেলছে নাতিশীতোষ্ণ রোদ
বেড়ায় ফুটেছে অপরাজিতার ফুল
অমৃতযোগে অতিথির আনাগোনা
আমি শুধু রই এখনো চক্ষুশূল।
কেউ কেউ এসে খেলে যায় লুকোচুরি
ফের কেউ এসে ডাক দেয় নাড়ে কড়া
অনেকেই এসে বেহায়ার মত হাসে
তবুও এখনও আমি নয় গায়ে পড়া।
প্রশংসা যেন মৌমাছি গুঞ্জন
অতিশয়োক্তি আজো প্রশ্রয় পায়
আমার দিকেই আঙ্গুল তুলেই বলো
সমালোচনায় কিবা আর এসে যায়।
তোমার চুলেতে যেদিন রুপোলী রেখা
চিকন চামড়া শিথিল সময় গ্রাসে
সেদিন কখনো হতাশ হোয়োনা তুমি
বাড়ালেই হাত ফিরিয়ে দিয়ো ত্রাসে।
সেই দুর্দিনে আসবেনা কেউ জেনো
আমি অপেক্ষা নিশ্চয় করে যাব
পথে নেমে হাত বাড়ালে তোমার দিকে
ভালবাসা ছোঁয়া নরম হাতটি পাবো।