admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৪ ১:৪১ পূর্বাহ্ণ
আব্দুল্লাহ্ আল মামুন,বোদা পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পুলিশের বিরুদ্ধে মোটরসাইকেল থামিয়ে আরোহী তরুণকে মারধরের অভিযোগে ১ ঘণ্টা ৪০ মিনিট মহাসড়ক অবরোধ করেছেন এক দল তরুণ। এতে ইফতারের সময় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অনেকেই সড়কে ইফতার করেছেন। সড়ক অবরোধের কারণে উভয় দিকে ভারী যানবাহন আটকে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়।
আজ শুক্রবার বিকেলে শহরের চৌরঙ্গী মোড়ে করতোয়া সেতুর উত্তর-পূর্ব মাথায় অবরোধ করা হয়। বিকেল ৫টা ৪০ মিনিটে শুরু হওয়া অবরোধ ইফতারের পরেও চলছিল। পরে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে বসার আশ্বাস দিলেও বিক্ষোভকারীরা সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সড়ক ছেড়ে দেন।
পুলিশ ও বিক্ষোভকারী তরুণদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেলে শহরের চৌরঙ্গী মোড়ে ট্রাফিকের দায়িত্বের অংশ হিসেবে মোটরযান আইন অনুযায়ী অভিযান চালাচ্ছিল পুলিশ। তখন তিন তরুণ একটি মোটরসাইকেলে শহর থেকে পুরোনো পঞ্চগড় এলাকার দিকে যাচ্ছিলেন।
পুলিশ তাঁদের গতিরোধ করে মোটরসাইকেলের চাবি নিয়ে নিলে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশের একজন সদস্য সাবাব আবিদ নামের এক তরুণকে মারধর করেছেন অভিযোগ তুলে সড়কে বসে পড়েন তাঁরা। পাশাপাশি ওই পুলিশ সদস্যের বিচারের দাবি করেন।