admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ জুন, ২০২০ ৪:২৯ অপরাহ্ণ
বাংলাদেশে সংক্রমণ বেড়েই চলেছে, স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৩,৪৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ সময়ের মধ্যে বাংলাদেশে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩২ জন এবং বাসায় মারা গেছেন ১৪ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৫ জনে। আর করোনাভাইরাসে আক্রান্তদের মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৫২৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন, নতুন তিনটি সহ মোট ৫৯টি পরীক্ষাগারে ১৫ হাজার ৯৯০টি নমুনা পরীক্ষা করা সম্ভব হয়েছে গত ২৪ ঘণ্টায়। এই সময়ে সুস্থ হয়েছেন ৫০২ জন। এ নিয়ে কোভিড-১৯ রোগ থেকে বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ১৭ হাজার ২৪৯ জন। ২৪ ঘন্টায় আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ১৮৮ জন এবং এখন আইসোলেশনে আছেন ৯ হাজার ১২ জন। যারা মারা গেছেন অধ্যাপক নাসিমা সুলতানা জানান, যারা মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ৩৭ জন এবং নারী নয় জন।
যারা মারা গেছেন তাদের বয়সের হিসাবেঃ
২১ থেকে ৩০ বছর: ১ জন
৩১ থেকে ৪০ বছর: ৬ জন
৪১ থেকে ৫০ বছর: ৩ জন
৫১ থেকে ৬০ বছর: ১২ জন
৬১ থেকে ৭০ বছর: ১৫ জন
৭১ থেকে ৮০ বছর: ৭ জন
৮১ থেকে ৯০ বছর: ১ জন
এবং ১০০ বছরের বেশি বয়সী একজন মারা গেছে। তাদের মধ্যে ঢাকা বিভাগের বাসিন্দা ১৯ জন, চট্টগ্রাম বিভাগের ১১ জন, রাজশাহী বিভাগে ২ জন, সিলেট বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ৩ জন, রংপুর বিভাগে ৫জন, খুলনায় ১ জন ও ময়মনসিংহ বিভাগে ২ জন মৃত্যুবরণ করেছেন।