admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২১ ১০:৫৭ পূর্বাহ্ণ
৪ শতাধিক উগ্র ইহুদির অনুপ্রবেশ মসজিদুল আকসায়। উগ্র ইহুদিবাদী সংগঠনগুলোর আহ্বানে এবং দখলদার ইসরায়েলি সেনাদের সহযোগিতা নিয়ে চার শতাদিক ইহুদি মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসায় অনুপ্রবেশ করেছে। রোববার দখলদার উপ-শহরবাসী ইহুদিরা আল-আকসায় প্রবেশ করে। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিলে এক ফিলিস্তিনিকে ব্যাপক মারধর করে আটক করে দখলদার ইসরায়েলি বাহিনী।
মসজিদুল আকসায় হামলার পরিণতির বিষয়ে সতর্ক করেছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো। একই সঙ্গে যেকোনো হামলা প্রতিহত করতে ফিলিস্তিনিদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক বিবৃতিতে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সোমবার (আজ) আরাফা দিবস পর্যন্ত মসজিদুল আকসার দিকে যাত্রা অব্যাহত রাখতে পশ্চিম তীর এবং দখলদার ইসরায়েলের ভেতরে বসবাসকারী সব ফিলিস্তিনির প্রতি আহ্বান জানিয়েছে।
হামাসের পক্ষ থেকে গাজার প্রতিরোধ সংগ্রামীদেরকে তাদের অস্ত্র নিয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে, যাতে দখলদার ইসরায়েল বুঝতে পারে যে, ফিলিস্তিনিরা আল-আকসা রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে। একই সঙ্গে এটাও বোঝানো যে, মসজিদুল আকসার ব্যাপারে কোনো ধরনের ছাড় দেবে না ফিলিস্তিনিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ইসরায়েলের চরমপন্থী কয়েকটি গোষ্ঠী ইহুদি উপ-শহরবাসীদের প্রতি মসজিদুল আকসায় ঢুকতে আহ্বান জানিয়েছিল। একই সঙ্গে একটি উগ্রবাদী দখলদার সংগঠন বায়তুল মুকাদ্দাসের পুরোনো দেয়ালের চারপাশে মিছিল করারও আহ্বান জানিয়েছে।