admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২১ ১১:২৮ অপরাহ্ণ
সৌদি রাষ্ট্রদূত বিনিয়োগকারীদের নতুন গন্তব্য বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুলাইহান বলেছেন, সৌদি আরবের বিনিয়োগকারীদের নতুন গন্তব্য বাংলাদেশ। সৌদি আরব এ দেশে ১৫ বিলিয়ন মার্কিন ডলার বা দেড় হাজার কোটি ডলার বিনিয়োগের অপেক্ষায় আছে বলেও জানান তিনি। সৌদি রাষ্ট্রদূত আজ রোববার তার দপ্তরে কয়েকটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন।
ঈসা ইউসেফ ঈসা আল দুলাইহান বলেছেন, শুধু সৌদি প্রতিষ্ঠানগুলোই বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা করছে বিষয়টা নয়। বরং বাংলাদেশি বিনিয়োগকারীরাও যাতে সৌদি আরবে বিনিয়োগ করেন সেজন্য তাদের উৎসাহিত করা হয়েছে। সৌদি রাষ্ট্রদূত আরো বলেন, ওমরাহ পালনের সুযোগ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ওমরাহ ভিসার জন্য এজেন্টের মাধ্যমে আবেদন করা যাবে। হজের বিষয়ে এ বছর কোনো নির্দেশনা এখনো আসেনি। পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে সৌদি কর্তৃপক্ষ।
বাংলাদেশে সৌদি বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরে ঈসা ইউসেফ ঈসা আল দুলাইহান বলেন, বাংলাদেশের জন্য দেড় হাজার কোটি ডলারের বিনিয়োগ অপেক্ষা করছে। এখানকার স্থিতিশীলতার কারণে সৌদি আরবের বিনিয়োগকারীদের নতুন গন্তব্য বাংলাদেশ। তিনি আরো বলেন, সৌদি বিনিয়োগকারীদের আগ্রহ আছে বাংলাদেশর জ্বালানি, তেল, তরলীকৃত গ্যাস, নবায়নযোগ্য জ্বালানি ও খাদ্যসহ অন্যান্য খাতে বিনিয়োগের।