admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৪ ১২:১৯ পূর্বাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ ঢাকার মোহাম্মদপুরে বাংলাদেশ সরকারের এক অবসরপ্রাপ্ত আমলার বাসায় অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই আমলার নাম শাহ কামাল। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন। তবে, শাহ্ কামালের নামে সুনির্দিষ্টভাবে কী মামলা বা অভিযোগ আছে তা জানাতে পারেনি ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব প্রাপ্ত কেউ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা বিবিসি বাংলাকে জানান, পল্টন থানায় দায়ের করা একটি মামলায় আসামি ঠিকানার জায়গায় এই বাসাটির ঠিকানা দেয়া ছিল।
সেই আসামির খোঁজে এসে এই বিপুল পরিমাণ অর্থের খোঁজ পান বলে জানান ওই কর্মকর্তা। তবে, শাহ্ কামাল বা তার পরিবারের কেউ এসময় সেখানে ছিলেন না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দরজা ভেঙে বাসায় প্রবেশ করেন বলে প্রত্যক্ষদর্শীরা ও উপরে উল্লেখিত কর্মকর্তা বিবিসিকে জানান।
গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে আইনশৃঙ্খলা বাহিনীর তরফের জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিও দেখা গেছে। অভিযানে আনুমানিক তিন কোটি বাংলাদেশি টাকা জব্দ করা হয়েছে বলে উপস্থিত একজন কর্মকর্তা প্রাথমিকভাবে জানিয়েছেন।
অর্থের পরিমাণ নিশ্চিত হতে টাকা গোণার যন্ত্র দিয়ে গণনা চলছে এখন। জব্দকৃত অর্থের মধ্যে বিদেশি মুদ্রাও রয়েছে। এছাড়া, স্বর্ণালংকারসহ আরো কিছু মূল্যবান সামগ্রী জব্দ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা যায়, শাহ কামাল ২০১৫ সালে এই মন্ত্রণালয়ে সচিব হিসেবে নিযুক্ত হন। ২০২০ সালে তার অবসরে যান তিনি। এর মধ্যে ২০১৯ সালে একই দায়িত্বে থেকেই সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পান।