admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৩ ৪:৩৮ পূর্বাহ্ণ
মিরু হাসান, ষ্টাফ রিপোর্টার: সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১১ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।
সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট রাশিদুল আলম প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ঠিক করেন।
এ নিয়ে ১০০ বার সময় পেছাল। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মম ভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
দু’জনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এর পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর রুনির ভাই নওশের আলম রোমান বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। প্রথমে মামলাটি শেরে বাংলা নগর থানার মাধ্যমে তদন্ত শুরু হয়। এরপর চাঞ্চল্যকর হত্যা মামলা হিসেবে ঢাকা মহানগর ডিবি পুলিশকে এটির তদন্তভার দেওয়া হয়।