admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২০ ১১:১০ পূর্বাহ্ণ
পররাষ্ট্র সচিব, রোহিঙ্গা সমস্যার ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের তোয়াজ করার মনোভাব মিয়ানমারকে আরো সাহসী করে তুলছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বৃহস্পতিবার রোহিঙ্গা সমস্যার তূলনামূলক চিত্র’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্দেশ করে পররাষ্ট্র সচিব বলেন, তারা রোহিঙ্গা সমস্যা সমাধানে কেবল বাংলাদেশের দিকেই তাকাচ্ছে। একই সঙ্গে তাদের মিয়ানমারের দিকেও নজর দিতে হবে। প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ তৈরি। কিন্তু মিয়ানমারের অনাগ্রহে সমস্যার সমাধান হচ্ছে না।
প্রত্যাবাসন দীর্ঘায়িত হলে বাংলাদেশ এবং অত্র অঞ্চলের অন্য দেশগুলোও অস্থিতিশীল হবে বলে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, মানবিক সহায়তা সাময়িক স্বস্তি দিলেও এটি সমস্যা সমাধানে সহায়ক নয়। তাছাড়া আন্তর্জাতিক সম্প্রদায় কেবল তোয়াজ করছে। তাদের এই মনোভাব মিয়ানমারকে আরো সাহসী করে তুলছে।বাংলাদেশকে আন্তর্জাতিক সম্প্রদায় যে মানবিক সহায়তা দিচ্ছে সেটা মিয়ানমারে থাকা রোহিঙ্গাদের রক্ষা এবং বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আস্থা ফেরানোর জন্যও দেয়া উচিত বলে মনে করেন মাসুদ বিন মোমেন। মিয়ানমারকে প্রভাবিত করার সক্ষমতা যেসব দেশের আছে, হয় তারা সেটি ব্যবহার করতে চাইছে না অথবা তারা মিয়ানমারকে তোয়াজ করার নীতি অনুসরণ করছে মন্তব্য করে তিনি বলেন, বিষয়টি দুর্ভাগ্যজনক, এটি তাদের অবশ্যই বন্ধ করতে হবে।