admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ আগস্ট, ২০২১ ১০:০৭ পূর্বাহ্ণ
রাশিয়ায় ছড়িয়ে পড়ছে দাবানল, শঙ্কার মুখে পারমাণবিক গবেষণা কেন্দ্র। দেশজুড়ে দাবানলের কারণে জরুরি অবস্থা জারি করেছে রাশিয়া। দেশটির আড়াইশর বেশি স্থানে দাবানলের খবর পাওয়া গেছে। এ অবস্থায় সারোভ নামের একটি শহরের পারমাণবিক গবেষণা কেন্দ্রে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানায়। শহরের কর্মকর্তাদের মতে, নিঝনি নভগোরোডের কাছে আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠে। এমতাবস্থায় অতিরিক্ত অগ্নিনির্বাপক বাহিনী এনে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করা হয়।

সারোভ শহরের পারমাণবিক গবেষণা কেন্দ্র
পুরো রাশিয়াজুড়ে এমন আড়াইশর বেশি অগ্নিকাণ্ডের খবর রয়েছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় সাইবেরিয়ান অঞ্চল সাখাতেও দাবানল বিশেষভাবে আঘাত হেনেছে। এরই মধ্যে কয়েক ডজন বাড়ি পুড়ে গেছে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইরকুটস্ক ও ক্রাসনোয়ার্স্ক অঞ্চলের শহরগুলোর ধোঁয়ায় আবৃত ছবি দেখিয়েছে রাষ্ট্রীয় টিভি।
কর্তৃপক্ষ জানিয়েছে, দেশজুড়ে প্রায় ৩৫ লাখ হেক্টর জমি দাবানলে পুড়ে যাচ্ছে, যা সার্বিয়া ও মন্টিনিগ্রোর সম্মিলিত এলাকার সমপরিমাণ। আবহাওয়া বিশেষজ্ঞ এবং পরিবেশবাদীরা বলছেন, দেশটির ইতিহাসে এটাই সবচেয়ে বেশি দাবানলের রেকর্ড।এদিকে, চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলে ভারি বৃষ্টির জেরে সৃষ্ট বন্যার সাথে লড়াই করছে স্থানীয় কর্তৃপক্ষ। আঞ্চলিক পরিবহন মন্ত্রী আলেকজান্ডার সেলেনিন বলেন, প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) রাস্তা ও ছয়টি ব্রিজ পানির নিচে ডুবে রয়েছে। আমুর নদীর তীরে এ বন্যার কারণে ২৪টি সম্প্রদায় বহির্বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।