admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ আগস্ট, ২০২১ ৯:২০ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র ১৭ হাজার মানুষ সরিয়েছে, নেই সঠিক পরিসংখ্যান। আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। একইভাবে মার্কিন বাহিনীকে সহায়তা করা আফগান অভিবাসনপ্রত্যাশীদের নেয়া হচ্ছে। দেশটি থেকে গত এক সপ্তাহে ১৭ হাজার মানুষকে সরিয়ে নেয়ার কথা জানানো হয়েছে। পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে শনিবার এ তথ্য জানান মার্কিন সেনাবাহিনীর মেজর জেনারেল উইলিয়াম টেলর।
কাবুল থেকে সরিয়ে নেয়া ১৭ হাজারের মধ্যে ২ হাজার ৫০০ জন আমেরিকান রয়েছেন বলে জানান তিনি। একই তথ্য জানিয়েছে হোয়াইট হাউসও। শনিবার জানানো হয়, গত ২৪ ঘণ্টায় প্রায় ৩ হাজার ৮০০ আফগানকে নিয়েছে যুক্তরাষ্ট্রের সেনারা। এ নিয়ে গত জুলাইয়ের শেষ থেকে এখন পর্যন্ত ২২ হাজার মানুষকে কাবুল থেকে সরিয়ে নেয়া হয়েছে। তাদের মধ্যে মার্কিদের পাশাপাশি আফগানরাও রয়েছেন।
গত ১৫ আগস্ট তালেবান যোদ্ধারা কাবুলে প্রবেশের আগের দিন ১৪ আগস্ট (শনিবার) থেকে এই প্রক্রিয়া জোরদার করা হয়। এটি এখনো অব্যাহত রয়েছে। কবে নাগাদ তা শেষ হবে, তা জানাতে পারেননি মার্কিন কর্মকর্তারা। তবে সব মার্কিনিদের সরিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছে বাইডেন প্রশাসন। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলছেন, এখনো আফগানিস্তানে ঠিক কত জন আমেরিকান রয়েছেন, তার সঠিক পরিসংখ্যান নেই। ধারণা করা হচ্ছে, কাবুলসহ দেশটির বিভিন্ন স্থানে অনেকে রয়ে গেছেন, যাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
এর আগে গত শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছিলেন, আফগানে থাকা সকল মার্কিন নাগরিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন তারা। সেইসঙ্গে তাদের সহায়তা চাওয়া আফগানদেরও তালিকা করা হচ্ছে।