admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২০ ১১:৫৩ পূর্বাহ্ণ
যশোরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এতে আরও চারজন আহত হয়েছেন। শুক্রবার ১৭ জানুয়ারি দিবাগত রাত ১টার দিকে যশোর শহরের বিমান অফিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন – যশোর শহরের লোন অফিসপাড়ার শফিকুল ইসলামের স্ত্রী ডা. তনিমা ইয়াসমিন পিয়াশা (২৫) তার বোন শহরের রবীন্দ্রনাথ সড়কের বাসিন্দা সুমন ইসলামের স্ত্রী তানজিলা ইয়াসমিন ইয়াশা (৩০), একই এলাকার বাসিন্দা পিয়াসার খালাতো ভাই মনজুর হোসেনের স্ত্রী তিথী (৩৫)। আহতরা হলেন- মনজুর, শফিকুল, শাহিন ও হৃদয়। যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১ টার দিকে তারা প্রাইভেটকার যোগে বাড়ি ফিরছিলেন।
বিমান অফিস মোড়ে পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গিয়ে আরোহীরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনজনের মৃত্যু হয়। আহতদের চিকিৎসা চলছে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. কাজল কান্তি মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।