admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২১ ১০:৪৬ পূর্বাহ্ণ
ইক্কা মির্জা, স্টাফ রিপোর্টার মালয়েশিয়াঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিনকে আস্থা ভোটেই যেতে হচ্ছে। সেপ্টেম্বরের শুরুতে পার্লামেন্টারি আস্থা ভোট আয়োজনের জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে নির্দেশ দিয়েছেন দেশটির সুলতান আবদুল্লাহ আহমাদ শাহ। বুধবার সুলতানের প্রাসাদে এক সংক্ষিপ্ত বৈঠকে তিনি এ নির্দেশ দেন। দ্য স্ট্রেইটস টাইমস জানতে পেরেছে, বুধবার সাপ্তাহিক মন্ত্রিসভা বৈঠকের আগে তিনি প্রধানমন্ত্রীকে ওই নির্দেশ দেন। তবে প্রধানমন্ত্রীর মুহিউদ্দিনের সিদ্ধান্ত এখনও জানা যায়নি।
এর আগে বিরোধীদলের ১০৫ পার্লামেন্ট সদস্য মুহিউদ্দিনের পেরিকাতান ন্যাশনাল (পিএন) জোট সরকারের ওপর অনাস্থা প্রকাশ করে। তারা বিষয়টি নিয়ে সুলতান আবদুল্লাহর কাছে চিঠি দেন। তাদের দাবি ছিল, প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন আস্থা হারিয়েছেন, তাকে সরিয়ে দেওয়া হোক। খবরে বলা হচ্ছে, বৃহস্পতিবার পিএন নেতাদের সঙ্গে বৈঠক ছিল প্রধানমন্ত্রীর। সেখানে বিষয়টি নিয়ে হয়তো আলোচনা হয়েছে। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুহিউদ্নি ইয়াসিন সরাসরি কোনো জবাব দেননি। তিনি বলেছেন দলের নেতাদের সঙ্গে স্বাভাবিক দলীয় কর্মসূচি অনুযায়ী বৈঠক হয়েছে।
মুহিউদ্দিনের জোট নেতারা তার সঙ্গে দেখা করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে জড়ো হয়েছেন। তবে জল্পনা উঠেছে আগামী বুধবার আস্থা ভোটের আয়োজন হতে পারে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ১৮ আগস্ট আস্থা ভোট আয়োজনের কথা উঠেছে। তবে এই প্রস্তাব কে তুলেছেন সে সম্পর্কে কেউ বলতে পারেনি। গত বুধবার সংসদের মুহিউদ্দিনের সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করেন এমপিরা।
তারা প্রধানমন্ত্রীকে সরিয়ে দিতে সুলতানের কাছে চিঠি দেন। এ পরিপ্রেক্ষিতে বুধবার সুলতানের সঙ্গে দেখা করেন মুহিউদ্দিন।
প্রসঙ্গত, মালয়েশিয়ার পার্লামেন্টের সংসদ সদস্য সংখ্যা ২২০। সরকার গঠন করতে হলে ১১১ জনের সমর্থনের দরকার হয়।