admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২১ ১২:০২ অপরাহ্ণ
মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহিম সলিহের স্মৃতিসৌধে শ্রদ্ধা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পূর্বনিধারিত সফরসূচি অনুযায়ী ঢাকায় পৌঁছেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহিম মোহামেদ সলিহ। আজ বুধবার (১৭ মার্চ) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এরপর সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
বিমানবন্দরে মালদ্বীপের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা।
সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহিম মোহামেদ সলিহ। এরপর বিকেলে অংশগ্রহণ করবেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে। জাতীয় প্যারেড গ্রাউন্ডের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামীকাল বৃহস্পতিবার (১৮মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মালদ্বীপের এই প্রেসিডেন্টের। তারপর সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠকের পর বঙ্গভবনের রাষ্ট্রীয় ভোজে অংশ নেবেন। সেখানেই আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার পর ওইদিন রাতেই দেশে ফিরে যাবেন প্রেসিডেন্ট ইবরাহিম মোহামেদ সলিহ।