admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ জুলাই, ২০২১ ৯:৫১ অপরাহ্ণ
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেনা প্রত্যাহার নিয়ে নতুন তথ্য দিলেন। প্রায় দুই দশকের তালেবানবিরোধী যুদ্ধের অবসানে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক এক চুক্তির আওতায় দেশটিতে থাকা সর্বশেষ বাগরাম বিমান ঘাঁটিও ছেড়ে গেছে পশ্চিমা সেনারা। এর মধ্য দিয়ে বিদেশি সেনাদের আফগান ছাড়ার প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার ইঙ্গিত মিললেও ভিন্ন কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল শুক্রবার ওয়াশিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা করেন, সেনা প্রত্যাহারের পরেও আফগানিস্তানে কিছু মার্কিন সেনা থেকে যাবে। তবে এই সংখ্যাটা ঠিক কত, তা স্পষ্ট করেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
আফগানদের তাদের নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে জো বাইডেন বলেন, দেশটির সেনাবাহিনীকে নিরাপত্তা রক্ষার মতো শক্তিশালী করতে এটি দরকার। আফগান সেনারা স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠলে সব মার্কিন প্রত্যাহার করা হবে। আলজাজিরার বরাত দিয়ে পার্সটুডে জানায়, এই সংবাদ সম্মেলনে সবশেষ আফগানিস্তান পরিস্থিতি তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় আগের ঘোষণা অনুযায়ী, দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
এক প্রশ্নের জবাব না দিয়ে বাইডেন বলেন, এই মুহূর্তে আফগানিস্তান সম্পার্কে এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। আগামী সপ্তাহে বিষয়টি নিয়ে আবারো কথা হবে। এ বক্তব্যের দ্বারা হয়তো আফগান সরকারের সঙ্গে সেনা রাখা সংক্রান্ত চুক্তির প্রতি ইঙ্গিত করেছেন তিনি। এর আগে গতকালই তালেবানবিরোধী যুদ্ধের কেন্দ্র হিসেবে ব্যবহৃত কাবুলের উত্তরের বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে যায় মার্কিন ও ন্যাটো সেনারা।
আগামী দুই সপ্তাহের মধ্যে দেশটি থেকে সব বিদেশি সেনা প্রত্যাহার সম্পন্ন হওয়ার কথা জানায় গণমাধ্যমগুলো। মার্কিন সেনা কর্মকর্তার বরাত দিয়ে এপি জানিয়েছে, আফগানিস্তানে থাকা বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ৬৫০ মার্কিন সেনা মোতায়েন থাকবে। তবে কোন এলাকায় কতজন সেনা থাকবে, তা জানানো হয়নি খবরে।