admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২১ ১১:১৯ পূর্বাহ্ণ
মার্কিন জলবায়ু বিষয়ক বিশেষ দূত ও দেশটির সাবেক পররাষ্ট্র মন্ত্রী জন কেরি ঢাকা ছেড়েছেন ।সংক্ষিপ্ত সফর শেষে ঢাকা ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত ও দেশটির সাবেক পররাষ্ট্র মন্ত্রী জন কেরি। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তিনি ঢাকা ছাড়েন। জন কেরিকে বিমানবন্দরে বিদায় জানান পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ঢাকা ছাড়ার আগে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য বৈঠক করেন জো বাইডেনের বিশেষ দূত। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্লাইমেট লিডার্স সামিটে অংশ নেওয়ার জন্য বাইডেনের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন জন কেরি।

মাত্র কয়েক ঘণ্টার ঢাকা সফরকালে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত। এর পর তারা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। এ ছাড়া জন কেরি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন, ভালনারেবল ফোরাম প্রেসিডেন্সির বিশেষ দূত আবুল কালাম আজাদ এবং এমপি সাবের হোসেন চৌধুরীর সঙ্গেও সাক্ষাৎ করেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
তার আগে শুক্রবার বেলা সাড়ে ১১টায় ভারতের রাজধানী দিল্লি থেকে বিশেষ প্লেনে ঢাকায় আসেন জন কেরি। পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও তার স্ত্রী সেলিনা মোমেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে কেরিকে স্বাগত জানান। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারও এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ৪০টি দেশের রাষ্ট্র বা সরকার প্রধানের অংশগ্রহণে আগামী ২২-২৩ এপ্রিল ক্লাইমেট লিডার্স সামিটের আয়োজন করা হবে। ভার্চুয়াল এই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ নিশ্চিত করতেই বাইডেনের আমন্ত্রণ পত্র নিয়ে ঢাকায় আসেন জন কেরি। জন কেরি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ২০১৬ সালের ২৩ আগস্ট এক দিনের সফরে ঢাকায় এসেছিলেন। তখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা।