লাবু রহমান, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৫:১৭ অপরাহ্ণ
মানিকগঞ্জের হরিরামপুর থানার ওসি বদলিতে তাকে বিদায় জানাতে ভিন্ন পন্থায় স্থানীয়রা। হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন বদলি হয়ে নতুন কর্মস্থলে চলে যাচ্ছেন। আর তাকে বিদায় জানাতে স্থানীয় মানুষ যা করলেন, সেটা সত্যিই অন্যরকম।
কেউ নিয়ে এসেছেন বাড়ির গাছের লাউ, কেউ মৌসুমি ফল, আবার কেউ দূরের চর থেকে ট্রলারে নদী পার হয়ে নিয়ে এসেছেন হাঁস-মুরগি! স্থানীয়রা জানায় দায়িত্ব পালনকালে আফজাল হোসেন নিয়মিত এলাকায় ঘুরে মানুষের খোঁজখবর নিতেন। চুরি-ডাকাতি ও মাদক নিয়ন্ত্রণেও কাজ করেছেন তিনি।
তাই বিদায়ের দিনে ফুলের পাশাপাশি মানুষ নিয়ে এসেছেন নিজেদের ঘরের জিনিসপত্র। কেউ ছবি তুলেছেন, কেউ স্মৃতিচারণ করেছেন, আবার কেউ ভালোবাসা জানাতে ছুটে এসেছেন থানায়।
স্থানীয় এক বাসিন্দা বলেন,আমগো চরে ডাকাতি-চুরি নিয়ন্ত্রণে তাঁর কাজ আমগো মনে থাকবো। তাই ট্রলারে নদী পার অইয়া তাঁর জন্য উপহার হিসেবে হাঁস নিয়া আইছি। স্থানীয়দের এমন ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন ওসি আফজাল হোসেনও।
তিনি বলেন, চাকরি করলে বদলি হবেই। তবে হরিরামপুর বাসী যেভাবে সম্মান ও ভালোবাসা দিয়ে বিদায় জানিয়েছেন, তা তিনি কখনো ভুলবেন না। পুলিশের বিরুদ্ধে মানুষের অভিযোগ-অনুযোগ আমরা প্রায়ই শুনি। কিন্তু কোনো একজন কর্মকর্তা যদি নিজের কাজ দিয়ে মানুষের মনে জায়গা করে নিতে পারেন, তাহলে বিদায়ের দিন মানুষ ফুলের সঙ্গে নিজের ঘরের হাঁস-লাউও নিয়ে আসে।