admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২১ ১০:১৭ অপরাহ্ণ
ভারতের বেঙ্গালুরু হাসপাতাল থেকে ৩ হাজার করোনা রোগী লাপাত্তা ! করোনার আক্রমণে দিশেহারা অবস্থা ভারতের। অভ্যন্তরীণ তো বটেই, শনাক্ত এবং মৃত্যুর দিক থেকে বৈশ্বিক রেকর্ডও ভেঙেছে দেশটি। মৃত্যুর মিছিল ছুটছে শ্মশান-গোরস্থানের দিকে। এই যখন অবস্থা তখন মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো সংবাদ দিয়েছে দেশটির কর্ণাটক রাজ্য। সেখানকার হাসপাতাল থেকে পালিয়ে গেছে অন্তত ৩ হাজার কোভিড আক্রান্ত রোগী। আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এই তথ্য জানিয়েছেন কর্ণাটক রাজ্যের মন্ত্রী আর অশোকা। তিনি বলেন, রাজ্যের রাজধানী বেঙ্গালুরু থেকে নিখোঁজ হওয়া ওই রোগীদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। একইসাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ টিমও কাজ করছে তাদেরকে খুঁজে বের করতে।
মন্ত্রী আরও বলেন- ওই রোগীদের সবার মোবাইল অফ, তাই উদ্ধার করা কঠিন হয়ে পড়ছে পুলিশের জন্য। আতঙ্কের ব্যাপার হলো, এরা যেখানেই গিয়ে পালাবে সেখানেই সংক্রমণ ছড়িয়ে পড়বে। তাই তাদেরকে হন্যে হয়ে খোঁজা হচ্ছে। রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারাও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভারতের যে রাজ্যগুলো করোনার আক্রমণে সবচেয়ে খারাপ অবস্থা পার করছে, তার মধ্যে অন্যতম হলো এই কর্ণাটক। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (২৮ এপ্রিল) সেখানে শনাক্ত করা হয়েছে ৩৯ হাজার ৪৭ জন রোগী। মৃত্যু হয়েছে ২২৯ জনের।
এদিকে, পুরো ভারতজুড়ে মৃত্যু ও শনাক্তের ক্ষেত্রে অতীতের সব রেকর্ড ভঙ্গ হয়েছে গত ২৪ ঘণ্টায়। আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ভারতের কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রচারিত স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, গতকাল (২৮ এপ্রিল) দেশটিতে সাড়ে ৩ হাজারের বেশি মৃত্যু এবং পৌনে ৪ লাখের বেশি শনাক্ত হয়েছে।