admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২১ ১২:৪৬ অপরাহ্ণ
ভারতের নাকের ডগায় করোনার তৃতীয় ঢেউ। আগামী অক্টোবরেই করোনার তৃতীয় ঢেউ আঘাত হানতে পারে ভারতে। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুদের মধ্যে সংক্রমণ ছড়ানোরও ব্যাপক আশঙ্কা রয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে জাতীয় বিপর্যয় মোকাবেলা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে গঠিত বিশেষজ্ঞদের একটি কমিটি তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ সতর্কবাতায় আঁতকে উঠেছেন অনেকেই।
কারণ অক্টোবরে দেশটিতে শুরু হচ্ছে পুজার মৌসুম। এ সময় তৃতীয় ঢেউ আছড়ে পড়লে তা নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যাবে। প্রতিবেদনে করোনার দ্বিতীয় ঢেউয়ের ‘ভুূল’ থেকে শিক্ষা নিয়ে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, তৃতীয় ঢেউয়ে বিপুল সংখ্যক শিশু সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাদের চিকিৎসার জন্য যে পরিমাণ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, চিকিৎসার সরঞ্জাম এবং পরিকাঠামো প্রয়োজন, তা দেশে নেই।
তাই বিষয়টির দিকে বিশেষভাবে নজর দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। গাণিতিক মডেলের ওপর ভিত্তি করে আইআইটি-র একটি গবেষণাও জানিয়েছিল, অক্টোবরেই দেশটিতে কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। বিশেষজ্ঞ প্রতিবেদন সে বিষয়টিকেই আরো মজবুত করল। ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী মোট সংক্রমণের দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।
প্রথম ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় সোয়া তিন কোটি এবং মৃতের সংখ্যা চার লাখ ৩৫ হাজার। দৈনিক সংক্রমণের সংখ্যা প্রায় ২৫ হাজার এবং মৃতের সংখ্যা চারশ’র কাছাকাছি। করোনায় বিশ্বের মোট মৃত্যুর দিক দিয়ে ভারতের অবস্থান তৃতীয়। প্রথম দুটি স্থনে যথাক্রমে রয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।