admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২১ ৭:৩২ অপরাহ্ণ
ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু বলছে বেইজিংয়ের চাপে ঢাকা-কলম্বো। চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়ি ফেঙ্গি চলতি সপ্তাহে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সফর করেছেন। এ সফরে তিনি প্রতিবেশী দেশ দুটিকে দক্ষিণ এশিয়ার বাইরে থেকে যারা এসে সামরিক জোট স্থাপনর চেষ্টা করছে তাদের রুখে দিতে আহ্বান জানিয়েছেন। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু বলছে, ভারত-যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের নেতৃত্বে কোয়াডের সক্রিয় অবস্থানের মধ্যে ঢাকা ও কলম্বো সফরে জেনারেল ওয়ির এমন মন্তব্য তাৎপর্যপূর্ণ। কারণ, বেইজিং ইতোমধ্যে কোয়াডকে সামরিক জোট হিসেবে আখ্যায়িত করে এর বিপক্ষে অবস্থান নিয়েছে।
চীনের প্রতিরক্ষামন্ত্রী ও পিপলস লিবারেশন আর্মির জেনারেল গত ২৭ এপ্রিল বাংলাদেশ দিয়ে তার দুদিনের সফর শুরু করেন। পরের দিন তিনি শ্রীলঙ্কা গিয়ে দেশটির প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে প্রেসিডেন্টের জনসংযোগ দপ্তর থেকে দেওয়া যৌথ বিবৃতিতে উভয়পক্ষই আলোচনাকে ‘খুবই ফলপ্রসূ দাবি করে। বিবৃতিতে বলা হয়, চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার এ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে। গত বছরের অক্টোবরে কলম্বোয় এসে উচ্চ পর্যায়ের আলোচনা করেন চীনের বৈদেশিক নীতিনির্ধারণ কর্মকর্তা ইয়াং জিয়েসি। তার এ সফরের মাত্র ছয় মাসের মধ্যে জেনারেল ওয়ি শ্রীলঙ্কা সফর করলেন।
চীন গত ২৭ এপ্রিল করোনা পরিস্থিতি ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে ছয় জাতির সংলাপে অংশ নেয়। এতে চীন ছাড়াও বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। সংলাপ শেষে চীনের পররাষ্ট্রমন্ত্রী কলম্বো সফরে গিয়ে তাদের ১ দশমিক ৪ বিলিয়ন ডলার অর্থায়নে কলম্বো সমুদ্রবন্দর পরিচালনায় একটি চুক্তি করেন। শ্রীলঙ্কার সার্বভৌমত্বের জন্য হুমকি দাবি করে এ চুক্তি বাতিলে দেশটির বিরোধী দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা অন্তত ২০টি মামলা করে। সম্প্রতি সুপ্রিম কোর্টে এ বিষয়ে শুনানিও হয়। শিগগিরই উচ্চ আদালত এ মামলার রায় দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সফরে চীনের এই শীর্ষ কর্মকর্তা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ্র রাজাপাকসের সাথেও বৈঠক করেন। করোনা মহামারিতে শ্রীলঙ্কার বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে সরকারকে সহায়তার অংশ হিসেবে বেইজিং আরও ২ বিলিয়ন ডলারের ঋণ সহায়তার ঘোষণা দেয়। আগেও কলম্বো চীন থেকে ৫ বিলিয়ন ডলারের বেশি ঋণ নিয়েছে। গত ২৭ এপ্রিল ঢাকায় জেনারেল ওয়ি বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে বৈঠক করেন। পরে ওয়িকে উদ্বৃত করে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, চীনের প্রতিরক্ষামন্ত্রী দুই দেশের সামরিক বাহিনীর মধ্যকার উচ্চ পর্যায়ের সফর বাড়ানো, প্রযুক্তিখাতে সহযোগিতা, বিশেষ ক্ষেত্রে পরামর্শ বিনিময়ের মাধ্যমে সামরিক সম্পর্ক জোরদারে বাংলাদেশের রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য দুই দেশ যৌথভাবে কাজ করবে। দক্ষিণ এশিয়ায় সামরিক জোট গঠন প্রচেষ্টা এবং আধিপত্য বিস্তারে আসা বাইরের শক্তির বিরুদ্ধেও সম্মিলিতভাবে চেষ্টা করা উচিত বলে মন্তব্য করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।