admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ অক্টোবর, ২০২১ ৯:৫৪ পূর্বাহ্ণ
ভারতসেই পাকিস্তানেই সন্ত্রাস বিরোধী মহড়ায় যাচ্ছে! এবারের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) এন্টি-টেরর এক্সারসাইজ-২০২১ হতে যাচ্ছে পাকিস্তানে। দেশটির নওশেরা জেলার পাব্বি’র এই মহড়ায় অংশ নিতে ৩ সদস্যের একটি টিম পাঠাবে ভারত। আগামী ৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া মহড়াটিতে পৃষ্ঠপোষকতা দিচ্ছে সংস্থাটির রিজিয়নাল এন্টি-টেররিস্ট স্ট্রাকচার। টাইমস অব ইন্ডিয়া জানায়, এসসিও সদস্য দেশগুলোর মধ্যে সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদার করার জন্য মহড়াটির আয়োজন করা হয়েছে।

এতে যোগ দেয়ার মানে পাকিস্তানের আন্তঃসীমান্ত সন্ত্রাসের প্রচার থেকে সরে আসা নয়- এটাই বিশ্বাস করে ভারত। বরং আফগানিস্তানসহ মধ্য এশিয়ায় নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকার চেষ্টা হিসেবে মহড়ায় টিম পাঠাবে দিল্লি। এ মহড়ায় ভারতের পাশাপাশি রাশিয়া, চীন, ইরান, পাকিস্তানসহ মধ্য এশিয়ার চারটি পূর্ণাঙ্গ সদস্য দেশ অংশ নিচ্ছে।
চলতি বছরের মার্চে তাসখন্দে রিজিয়নাল এন্টি-টেররিস্ট স্ট্রাকচারের কাউন্সিলের এক বৈঠকে এ মহড়ার ঘোষণা দেয়া হয়। সেই থেকে এখন পর্যন্ত মহড়ায় যুক্ত হতে চাওয়া দেশগুলোর মধ্যে সবশেষ দেশ হল ভারত। ধারণা করা হচ্ছে, মহড়ায় ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের শীর্ষ কর্মকর্তারা যোগ দেবেন। এর আগে এ মাসের শুরুতে আফগানিস্তান ইস্যুতে এসসিওর দুশানবে সম্মেলনে বক্তব্য রেখেছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মির ও সীমান্তসহ নানা ইস্যুতে উত্তেজনা বিরাজ করছে। দেশ দুটির মধ্যকার সম্পর্ক খারাপ থেকে খারাপতর হতে যাওয়ার মধ্যেই এসসিওর এই মহড়া হতে যাচ্ছে। ফলে সংস্থাটির সকল সদস্য দেশের মহড়ায় অংশগ্রহণ নিশ্চিত হল। অনেকে মনে করছেন, ভারত প্রতিনিয়ত পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সহযোগিতার অভিযোগ করে আসছে। এমনকি আন্তর্জাতিক সংস্থাগুলোতেও এ বিষয়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অভিযোগ যেন নিয়মিত ঘটনা। অথচ সেই পাকিস্তানের নেতৃত্বেই অনুষ্ঠিতব্য সন্ত্রাসবিরোধী মহড়ায় যোগ দিতে যাচ্ছে ভারত।