admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২১ ৯:৩৮ অপরাহ্ণ
বিশ্বের ১১ দেশ থেকে বাংলাদেশে প্রবেশ করা যাবে না। করোনার দুই বা সম্পূর্ণ ডোজ টিকা না নিয়ে বিশ্বের ১১ দেশ থেকে বাংলাদেশে প্রবেশ করা যাবে না। এসব দেশ থেকে আসার ১৪ দিন আগে অবশ্যই সম্পূর্ণ ডোজ টিকা নিতে হবে। শুধু তাই নয় আসার পর ১৪ দিন হোম কোয়ারিন্টিনে থাকতে হবে। গতকাল সোমবার নতুন এই বিধিনিষেধের কথা জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বেবিচক। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ বিধিনিষেধ বলবৎ থাকবে। যেসব দেশ এই বিধিনিষেধের আওতায় সেগুলি হচ্ছে- মালয়েশিয়া, ইরান, লিবিয়া, স্পেন, আর্জেন্টিনা, বতসোয়ানা, কিউবা, সাইপ্রাস, ইসওয়াতিনি, জর্জিয়া ও মঙ্গোলিয়া। সম্পূর্ণ ডোজ টিকা নিয়ে তবেই বাংলাদেশে আসতে হবে।

বাংলাদেশে আসার পর কারও মধ্যে যদি করোনার লক্ষণ কিংবা উপসর্গ দেখা দেয় তাহলে তাকে সরকার নির্ধারিত হাসপাতালে চিকিৎসা নিতে হবে। এই ১১ দেশে থাকা প্রবাসীদের দেশে আসতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতির দরকার হবে। দেশে আসার পর তাদের নিজ খরচে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টিনে থাকতে হবে। এসব দেশে দায়িত্ব পালন করা বাংলাদেশি নাবিকদের ক্ষেত্রেও একই নির্দেশনা প্রযোজ্য হবে।
পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্র দেখাতে হবে। বিধিনিষেধ অনুযায়ী, যাদের ১৪ দিনের কঠোর প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টিনে থাকতে হবে তাদের বিমানবন্দরেই হোটেল বুকিংসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হবে। কোনো যাত্রীর শরীরে করোনার লক্ষণ দেখা গেলে তাকে সরকার নির্ধারিত হাসপাতালে অবশ্যই চিকিৎসা নিতে হবে। এছাড়া আরো কিছু দেশ থেকে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে পৃথক নির্দেশনা দিয়েছে বেবিচক।
দেশগুলি হচ্ছে- যুক্তরাজ্য, ফ্রান্স, ইরাক, কুয়েত, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, তিউনিশিয়া, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, আয়ারল্যান্ড, কাজাকস্তান, কিরগিজিস্তান, নামিবিয়া, নেদারল্যান্ডস ও পানামা।