admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২১ ১০:৩৫ অপরাহ্ণ
বিদেশফেরতদের ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক কোয়ারেন্টাইন। চলতি মাসের শুরু থেকেই দেশে করোনাভাইরাসের বাড়বাড়ন্ত অবস্থা। সেই ধারাবাহিকতায় গতকাল সংক্রমণের সংখ্যা আগের সকল রেকর্ড ভেঙেছে। এ অবস্থায় নড়েচড়ে বসেছে সরকার। সংক্রমণের ঊর্ধ্বগতি রুখতে গতকাল (২৯ মার্চ) ১৮টি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে, যার মধ্যে অন্যতম ছিল বিদেশফেরতদের ১৪ দিনের কোয়ারেন্টাইন নিশ্চিত করার কথা। সরকারের সেই নির্দেশনা অনুযায়ী বিষয়টি আরো স্পষ্ট এবং ব্যাখ্যা সহকারে কোয়ারেন্টাইন ইস্যুতে নতুন নির্দেশনা জারি করেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সেখানে বলা হয়, আজ মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইউরোপফেরত যাত্রীদের ক্ষেত্রে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক (বাধ্যতামূলক) কোয়ারেন্টাইন কার্যকর করা হবে।
এক্ষেত্রে ইউরোপ থেকে আসা যাত্রীদের থাকতে হবে বেবিচক নির্ধারিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। অন্যান্য দেশ থেকে আসা যাত্রীরা থাকবেন হোম কোয়ারেন্টাইনে। উল্লেখ করেন বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগের সদস্য চৌধুরী এম জিয়াউল কবির। এর আগে গতকাল জারি করা ১৮ নির্দেশনায় কোয়ারেন্টাইন ইস্যু ছাড়াও আরো বলা হয়েছে- গণপরিবহনে ধারণ ক্ষমতার ৫০ ভাগের বেশি যাত্রী পরিবহন করা যাবে না। সব ধরনের জনসমাগম সীমিত করতে হবে, উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় জনসমাগম নিষিদ্ধ থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠান (প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাদরাসা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয়) এবং কোচিং সেন্টার বন্ধ থাকবে।
এছাড়া হোটেল-রেস্তোরাঁগুলোতে ধারণ ক্ষমতার ৫০ ভাগের বেশি মানুষের প্রবেশ করতে পারবে না। মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়ে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে। পর্যটন-বিনোদন কেন্দ্র, সিনেমা হল-থিয়েটারে জনসমাগম সীমিত করতে হবে। ঘরের বাইরে মাস্ক পরিধান না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথাও বলা হয়েছে ওই নির্দেশনায়।