admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ জুন, ২০২১ ৯:৪৬ পূর্বাহ্ণ
বাংলাদেশ ফিলিস্তিনিদের ওষুধ সহায়তা দিলো। ফিলিস্তিনের জনগণের জন্য সাহায্য হিসেবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে ওষুধ সামগ্রী পাঠানো হয়েছিল তা হস্তান্তর করেছে জর্ডানের বাংলাদেশ দূতাবাস। সোমবার জর্ডান হাশেমাইট চ্যারিটি সংস্থার মহাসচিবের কাছে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। এ সময় জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান এবং ফিলিস্তিন দূতাবাসের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
জর্ডানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, জর্ডান হাশেমাইট চ্যারিটি ফাউন্ডেশনই একমাত্র সংস্থা, যারা জর্ডান সরকার ও দখলদার ইসরায়েলি সরকারের সঙ্গে সমন্বয় করে এবং এ বিষয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনিনিদের কাছে পাঠানো সহায়তা ফিলিস্তিন ভূখণ্ডে পৌঁছে দেয়।
জানা গেছে, বাংলাদেশের বিকন গ্রুপ থেকে ফিলিস্তিনিদের জন্য উপহার হিসেবে এসব ওষুধ সামগ্রী পাওয়া যায়। এদিন ওষুধ হস্তান্তর অনুষ্ঠানে রাষ্ট্রদূত নাহিদা সোবহান বলেন, বাংলাদেশ রাষ্ট্র তার অভ্যুদয়ের পর থেকেই ফিলিস্তিনিদের অধিকারের বিষয়ে সোচ্চার। বাংলাদেশ সব সময়ই ফিলিস্তিনি জনগণের প্রতি সহমর্মিতা পোষণ করে আসছে।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রদূত সহায়তা সামগ্রী ফিলিস্তিনি জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য জর্ডান সরকার এবং হাশেমাইট চ্যারিটি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। এ ছাড়া বাংলাদেশ সরকারের দেওয়া নগদ অর্থ সহায়তা হিসেবে ৫০ হাজার ডলার ফিলিস্তিন সরকারের রাষ্ট্রীয় কোষাগারে ইতোমধ্যে জমা হয়েছে বলেও জানান তিনি।
এ সময় ফিলিস্তিন দূতাবাসের প্রতিনিধি বলেন, ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন বাংলাদেশের স্বাধীনতার জনক শেখ মুজিবুর রহমান। মানবিক আদর্শের দুই মহান নেতার উত্তরসূরিরা আজও দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক অটুট রেখেছেন। এ সময় ফিলিস্তিনের জনগণের পক্ষ থেকে তিনি বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।