admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ৪:৫২ অপরাহ্ণ
বাংলাদেশি গৃহকর্মী হত্যার দায়ে সৌদি গৃহকর্তীর মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। গৃহকর্মী আবিরন বেগম হত্যার দায়ে অভিযুক্ত সৌদি গৃহকর্তী আয়েশা আল জিজানিকে মৃত্যদণ্ড দেয়া হয়েছে। এছাড়া বাড়ির কর্তা তার স্বামী বাসেম সালেমকে ৩ বছর ২ মাসের জেল ও ৫০ হাজার রিয়াল জরিমানা করা হয়েছে। গত রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি আদালত এ রায় দেন। এতে আয়েশা-বাসেম দম্পতির ছেলে ওয়ালিদ বাসেমকে ৭ মাস কিশোর উন্নয়ন কেন্দ্রে রাখার নির্দেশ দেয়া হয়।
আসামিপক্ষকে রায়ের বিরুদ্ধে আপিল করতে এক মাস সময় দিয়েছেন আদালত। গতকাল সোমবার সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এসব তথ্য জানায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মংস্থান মন্ত্রণালয়। খুলনার পাইকগাছার রামনগরের আবিরন বেগম কাজের সন্ধানে ২০১৭ সালে সৌদির রিয়াদে গিয়েছিলেন। ২০১৯ সালের ২৪ অক্টোবর তার কফিন ফেরে দেশে। তার মরদেহের সঙ্গে আসা মৃত্যুসনদে হত্যাকাণ্ড উল্লেখ ছিল।