admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২১ ৮:০৫ অপরাহ্ণ
ফিলিস্তিনের হামাস নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল। নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। নতুন ক্ষেপণাস্ত্র ভূমি থেকে সাগরে নিক্ষেপ করা হয়েছে। নিজেদের প্রতিরোধ সক্ষমতা বাড়াতেই নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। তবে নতুন এই ক্ষেপণাস্ত্রের পাল্লা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফিলিস্তিনি টিভি চ্যানেল কুদস এ তথ্য জানিয়েছে বলে আজ রোববার খবর দিয়েছে পার্সটুডে।
এর কয়েকদিন আগে ইসরায়েলি চ্যানেল টুয়েলভ দাবি করে যে, সাগরের উপকূল থেকে ৪টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। এর আগে হামাসের রাজনৈতিক শাখার প্রভাবশালী সদস্য ফাতহি হামাদ সংবাদ মাধ্যমকে জানান যে, গাজায় দখলদার ইসরায়েলের সর্বশেষ আগ্রাসনের পর পরই তারা ক্ষেপণাস্ত্র তৈরির কর্মসূচি জোরদার করেছেন।
ওই সময় তিনি বলেন, হামাসের অস্ত্র কারখানা গুলোতে হাজার হাজার ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চলছে। দখলদার ইসরায়েলের দম্ভ চুরমার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সবশেষ গত মে মাসে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আগ্রাসন চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। তবে অতীতের মতো এবার দখলদারদের হামলার মুখে অতটা অসহায় ছিল না গাজার প্রতিরোধ সংগঠনগুলো। বরং তারাও ইরায়েলের রাজধানী তেল আবিবসহ বিভিন্ন শহরে বৃষ্টির মতো রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
এসব হামলায় ইসরায়েলেও হতাহতের ঘটনার পাশাপাশি ক্ষয়ক্ষতি হয়। এতে এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হয় দখলদার ইসরায়েল সরকার। বিভিন্ন দেশের কাছে দৌড়ঝাঁপ শুরু করে। এক পর্যায়ে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় উভয়পক্ষ। এই প্রথমবারের মতো ইসরায়েলের কাঁপুনি ধরাতে পেরে উৎসাহিত ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। তারা নিজেদের বিজয়ী দাবি করে আনন্দ মিছিল করেন। এ অবস্থায় ইসরায়েলের ভবিষ্যত আগ্রাসনের দাঁতভাঙা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রতিরোধ সংগঠনগুলো।