admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০১৯ ৮:১৩ পূর্বাহ্ণ
প্রথমবারের মতো দেশে একটি সাদা সাপের দেখা মিলেছে। সম্প্রতি পাবনার আতাইকুলায় মাছ ধরার সময় জালে আটকা পড়ে সাপটি। বিজ্ঞানীরা বলছেন, এটি নতুন কোনো জাতের সাপ নয়, বরং অ্যালবিনো রোগের কারণে সাপটির গায়ের রং সাদা হয়েছে। নেচার এন্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিউনিটি নামক স্থানীয় সংগঠনের প্রতিষ্ঠাতা এহসান আলী বিশ্বাস জানান, আশপাশে যেখানেই কোনো বন্যপ্রাণী ধরা পড়ে খবর পেলেই ছুটে যায় নেচার এন্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিউনিটি নামের পাবনার এই সংগঠনের সদস্যরা। পরে এই প্রাণীগুলিকে সুস্থ অবস্থায় বিভিন্ন বনে অবমুক্ত করা হয়। অর্থাৎ প্রাণ-প্রকৃতির সেবাই তাদের কাজ। তিনি জানান, গত বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে একটি কল আসে তার মোবাইল ফোনে। তিনি জানতে পারেন, পাবনা সদরের আতাইকুলা ইউনিয়নের মধুপুরে একটি সাপ আটক করা হয়েছে। স্থানীয়রা সাপটিকে মেরে ফেলতে চাইলেও সেলিম নামের এক প্রাণিপ্রেমী সাপটিকে আগলে রেখেছেন। তার জালেই আটকা পড়ে সাপটি।
খবর পেয়ে সেখানে ছুটে যান এহসান আলী বিশ্বাস। গিয়ে তিনি সাপটিকে দেখে উচ্ছ্বসিত হন। কারণ তিনি দেখেন সাপের রং সাদা। যা তিনি এর আগে কখনো দেখেননি। তবে সাপটির গায়ে কিছুটা আঘাত রয়েছে। নেচার এন্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিউনিটি সাপটি উদ্ধার করে নিয়ে আসে এবং এর পরিচয় নিশ্চিতের জন্য সাপটির ছবি তুলে পাঠিয়ে দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক বন্যপ্রাণী বিশেষজ্ঞ মনিরুল এইচ খানের কাছে। এদিকে, এরই মধ্যে সাপটিকে বুধবার সন্ধ্যায় স্থানীয় বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
জাবির প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল এইচ খান জানান, এই সাপটি আসলে আলাদা কোনো জাত বা প্রজাতির সাপ নয়, এটি একটি নির্বিষ জলঢোরা সাপ। মানুষের যেমন শ্বেত রোগ হয়ে চামড়া সাদা হয়ে যায় এই সাপটির বেলায়ও তাই হয়েছে। তার চামড়ায় রঞ্জক পদার্থের অভাব থাকায় চামড়া সাদা হয়েছে। ইংরেজিতে একে বলা হয় অ্যালবিনো।
তিনি আরও বলেন, অ্যালবিনোর কারণে যেকোনও প্রাণির গায়ের রং সাদা হতে পারে। তবে বাংলাদেশে অ্যালবিনো অন্য প্রাণিতে পাওয়া গেলেও সাপের বেলায় আমার জানামতে এটাই প্রথম।