admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ জুলাই, ২০২৪ ৭:৫৯ অপরাহ্ণ
আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা আল মামুন অর রশিদের বিরুদ্ধে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির সাড়ে ১৮ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক তাহাসিন মুনাবিল হক। এর আগে, গত ১০ জুলাই বোদা উপজেলা কৃষি অফিসে অভিযান চালায় দুদকের একটি এনফোর্সমেন্ট টিম। অভিযুক্ত সাবেক এই কৃষি কর্মকর্তা বর্তমান পঞ্চগড় হর্টিকালচার সেন্টারে সিনিয়র হর্টিকালচারিস্ট হিসেবে কর্মরত আছেন।
দুদক জানান, বোদা উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা আল মামুন অর রশিদ কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির জন্য বরাদ্দকৃত ১৮ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে গ্রহণপূর্বক আত্মসাৎ করেছেন- এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। দুদক টিম ওই দপ্তর এবং সংশ্লিষ্ট ব্যাংক হতে রেকর্ডপত্র সংগ্রহ করে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে।
অভিযুক্ত আল মামুন অর রশিদের সঙ্গে যোগাযোগ করতে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।এ বিষয়ে পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন বলেন, শুনেছি ২০২১ সালের দিকে বোদা উপজেলা কৃষি অফিসের এক কর্মচারী-কর্মকর্তার সঙ্গে অসদাচরণ করায় তাকে বদলি করা হয়। ওই কর্মচারী নাকি ক্ষুব্ধ হয়ে দুদকে অভিযোগ করেছে। তবে অভিযোগের সত্যতা মিললে দুদক অবশ্যই ব্যবস্থা নিবে।
দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের উপপরিচালক তাহাসিন মুনাবিল হক বলেন, সংগ্রহকৃত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক পূর্ণাঙ্গ প্রতিবেদন পরবর্তীতে কমিশন বরাবর দাখিল করা হবে।