admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৪ ১১:১৩ অপরাহ্ণ
আল মামুন,বোদা,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় উপনির্বাচন অবৈধভাবে ব্যালট পেপারে সিল মেরে ভোট বাক্সে ঢোকানোর অপরাধে সহকারী প্রিজাইডিং অফিসার বিকাশ চন্দ্র সেন (৪১) ও পোলিং অফিসার মো. একরামুল হককে (৩৬) গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে পুলিশ।
গতকাল রোববার বিকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয় বলে জানা যায়। আটক বিকাশ চন্দ্র সেন কুড়িগ্রাম নাগেশ্বরী সেনপাড়া এলাকার শ্যামল কুমার সেনের ছেলে। তিনি বোদা উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক হিসেবে কর্মরত। এছাড়া একরামুল হক পঞ্চগড়ের পুরাডাঙ্গা এলাকার নিজাম উদ্দিনের ছেলে। তিনি বোদা উপজেলার পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন অফিসের হিসাব কর্মকর্তা।
জানা যায়, শনিবার দেশের বিভিন্ন এলাকার সঙ্গে একযোগে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ পঞ্চগড় সদর ও বোদা উপজেলার দুটি ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। কমলাপুকুরি কাজলদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিজাইডিং অফিসার বিকাশ চন্দ্র সেন, পোলিং অফিসার ছিলেন একরামুল হক। তারা ভোট দেয়ার শেষ সময়ে হেরে যাওয়া প্রার্থী আব্দুর রহিমের সঙ্গে অর্থের বিনিময়ে যোগসাজশে নিজেরাই ব্যালট পেপারে টিউবওয়েল প্রতীকে সিল দিয়ে বক্সে ভরার সময় মোরগ প্রতীক প্রার্থীর এজেন্ট মোছা. আছিয়া খাতুন ওই ঘটনা দেখতে পান। পরে নির্বাহী অফিসার ও প্রিজাইডিং অফিসারের সহায়তায় তাদের দুজনকে আটক করে পুলিশে দেয়া হয়। রবিবার দুজনকে আসামি করে প্রিজাইডিং অফিসার ও বোদা উপজেলার সমবায় কর্মকর্তা এ এফ এম জাকির হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।
বোদা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেন। এ বিষয়ে বোদা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক অফিসার জানান, শনিবার রাতেই বোদা থানায় একটি মামলা রুজু করা হয়। গতকাল রবিবার সকালে আদালতের মাধ্যমে আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়।