admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২০ ১০:২২ পূর্বাহ্ণ
নোয়াখালীর হাতিয়ায় ক্যারিংচর এ বরযাত্রীসহ ট্রলারডুবি, নববধূসহ সাত মরদেহ উদ্ধার। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ক্যারিংচর থেকে ভোলার মনপুরা যাওয়ার পথে মেঘনা নদীতে বরযাত্রীসহ ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত নববধূ-শিশুসহ সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিদের সঠিক কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
পুলিশ সূত্র জানায়, উপজেলার চানন্দী ঘাট থেকে আনুমানিক ৮০-৮৫ জন যাত্রী নিয়ে কেয়ারিংচর এলাকায় পৌঁছালে মেঘনা নদীতে দুর্ঘটনার কবলে পড়ে ট্রলারটি। তীব্র স্রোতের মুখে পড়ে ট্রলারটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।
তথ্যটি নিশ্চিত করে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস ও মোর্শেদ বাজার তদন্তকেন্দ্রের ইনচার্জ আবদুল হালিম জানান, এখন পর্যন্ত নিহতদের নাম-ঠিকানা জানা সম্ভব হয়নি। এখনো কতজন যাত্রী নিখোঁজ রয়েছে সেটাও জানা যায়নি। দুর্ঘটনার শিকার যাত্রীরা বিভিন্ন ঘাট দিয়ে কূলে উঠে আসছে বলে তারা জানান।