admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২০ ৯:১৭ অপরাহ্ণ
নেপালে ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ ২১। তাদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে দেশটির সেনাবাহিনী ও পুলিশ সদস্যসহ স্থানীয় বাসিন্দারা।
আজ ১৬ আগষ্ট রোববার দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, গত শুক্রবার সকালে মধ্য নেপালের সিন্ধুপালচুক জেলার জুগাল রুবাল মিউনিসিপ্যালটি এলাকার লিডি গ্রামে এ ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটে। এরপর থেকেই হতাহতদের উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
রোববার সিন্ধুপালচুক জেলার পুলিশ সুপার প্রজবোল মহার্জন স্থানীয় গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো অন্তত ২১ জন। নিহতদের মধ্যে ১১ জন শিশু, ৪ জন মহিলা ও ৩ জন পুরুষ। নেপালে ভয়াবহ পাহাড় ধস তিনি আরো জানান, ওই গ্রামে পাহাড়ের পাদদেশে ১৭০টি বাড়ি রয়েছে। যার মধ্যে ধসের কারণে ৩৭টি বাড়ি মাটিচাপা পড়েছে।
পুলিশ সুপার আরো জানান, এ দুর্ঘটনার পর ওই গ্রামের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করা হয়েছে। গ্রামটি এখন পুরোপুরি ঝুঁকিপূর্ণ। এখনই বাসিন্দাদের অন্যত্র সরিয়ে না নেওয়া হলে পরবর্তীতে আরো ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।