admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২১ ৬:০৫ অপরাহ্ণ
দ. কোরিয়া বাংলাদেশিদের ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে। সম্প্রতি বাংলাদেশ থেকে যাওয়া লোকজনের মধ্যে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ভিসার নিষেধাজ্ঞা আরোপ করেছে দক্ষিণ কোরিয়া। আজ শুক্রবার দেশটির ঢাকাস্থ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশিদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা আজ থেকেই (১৬ এপ্রিল) কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। তবে জরুরি প্রয়োজনে যাওয়া আবশ্যক হলে কী করতে হবে, সে বিষয়ে কিছু জানায়নি দেশটির দূতাবাস। এর আগে করোনা মহামারির প্রথম ঢেউয়ের সময় গত বছরের ২৩ জুন থেকে বাংলাদেশিদের ভিসার ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দেয় দক্ষিণ কোরিয়া। সেইসঙ্গে স্থগিত করা হয় দুদেশের মাঝে ফ্লাইট চলাচল। এতে বাংলাদেশ থেকে দেশটিতে যাওয়ার অপেক্ষায় থাকা বিপুল সংখ্যক শিক্ষার্থী ও কর্মী আটকে পড়েন। দীর্ঘ ৮ মাস পর ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সিউল।
চলতি বছরের গত ৮ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের ভিসার আবেদন পুনরায় নিতে শুরু করে ঢাকাস্থ দক্ষিণ কোরিয়ার দূতাবাস। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে এতদিন ভিসা চালু থাকলেও তাতে ফের নিষেধাজ্ঞা দেয়া হলো। প্রসঙ্গত, সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৪১৭ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১০১ জনের মৃত্যু হয়েছে ভাইরাসটিতে। একদিনে সর্বোচ্চ মৃত্যুর এই রেকর্ড নিয়ে মোট মারা গেল ১০ হাজার ১৮২ জন।