admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২০ ৯:১৪ অপরাহ্ণ
দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা চালু করা হয়েছে। আজ শুক্রবার এক বিবৃতিতে অনলাইনের মাধ্যমে ভিসার আবেদন গ্রহণ শুরু হওয়ার কথা জানিয়েছে ভারতীয় হাই কমিশন। তবে আপাতত চিকিৎসাসহ ৯ ক্যাটাগরির ভিসা চালু করা হয়েছে। সেগুলো হলো- মেডিকেল, ব্যবসা, চাকরি, এন্ট্রি, সাংবাদিক, কূটনীতিক, সরকারি কর্মকর্তা, জাতিসংঘ কর্মকর্তা ও জাতিসংঘ কূটনীতিক ক্যাটাগরি।
ভ্রমণসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা চালু করা হয়নি। তবে সেগুলোও শিগগিরই চালু করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।এর আগে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ১২ মার্চ থেকে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভারতীয় ভিসা বন্ধ করে দেয়া হয়। আকস্মিক এই সিদ্ধান্তে বিড়ম্বনায় পড়েন সেখানকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশি নাগরিকরা।
ভারতীয় হাই কমিশনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত ২৮ লাখ ৭৬ হাজার বাংলাদেশি ভারতে ভ্রমণ করেছেন। যা পুরো বিশ্বে ভারত ভ্রমণকারীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক। এর মধ্যে আবার ৪০ শতাংশ শুধু চিকিৎসার উদ্দেশ্যে গেছেন।