তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গপ্রতিষ্ঠান মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেসের ডায়ালাইসিস ইউনিটে রোগিদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে অত্যাধুনিক জার্মানির তৈরি বি.ব্রাউন হেমোডায়ালাইসিস নতুন ৩টি মেশিনের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২২ জুলাই-২০২৬ ) জিয়া হার্ট ফাউন্ডেশন চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নতুন ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন করেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ গোলাম রসুল রাখি।
এ সময় সিভিল সার্জন বলেন, জিয়া হার্ট ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এই অঞ্চলের হৃদরোগ ও কিডনি রোগিদের বিশ্বস্ততার সাথে সেবা দিয়ে আসছে। নতুন ডায়ালাইসিস মেশিন স্থাপনের ফলে কিডনি রোগিরা আরও সহজে এবং সাশ্রয়ি মূল্যে আধুনিক চিকিৎসাসেবা পাবেন। তিনি হাসপাতালের এই কল্যাণমুখি উদ্যোগের প্রশংসা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আজাদ, যুগ্ম সম্পাদক ও মোজাম্মেল হক ইস্টিটিউট অব কিডনি ডিজিজেসের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের আবু, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডাঃ মোহাম্মদ জিয়াউল হক জিয়া, কোষাধ্যক্ষ মোঃ আনোয়ারুল কবির, কার্যনির্বাহী সদস্য ডাঃ মোঃ হাফিজুল ইসলাম, মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেসের সহকারী পরিচালক গোলাম রসুল রকেট, জিয়া হার্ট ফাউন্ডেশনের পাবলিক রিলেশন এন্ড এ্যাসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টুসহ হাসপাতাল পরিচালনা পর্ষদের অন্যান্য নেতৃবৃন্দ, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী চিকিৎসাসেবা প্রতিষ্ঠান। নতুন এই প্রযুক্তি জার্মানির তৈরি বি. ব্রাউন হেমোডায়ালাইসিস ৩টি মেশিন যুক্ত হওয়ার ফলে এলাকার দরিদ্র ও দূর-দূরান্ত থেকে আসা কিডনি রোগিদের ডায়ালাইসিস সেবা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।