admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ মার্চ, ২০২০ ৩:৪৭ অপরাহ্ণ
দিনাজপুরের বিরলে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা সড়ক অবরোধ করে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরিয়ে দেয়। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার দিনাজপুর-বোচাগঞ্জ আঞ্চলিক সড়কের ফরাক্কাবাদ ইউনিয়নের বাজারদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতরা হলেন- বিরল উপজেলার চককাঞ্চন (নতুন পাড়া) গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. লাবু (২৩) ও একই উপজেলার তেঘরা (মহেশপুর) গ্রামের মতিউর রহমানের ছেলে রাব্বী (২২)।
নিহত লাবু শহরের বালুয়াডাঙ্গা এলাকার মোটরসাইকেল মেরামত দোকানের কর্মচারী ছিলেন। তিনি কয়েকদিন আগে বিয়ে করেন। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকালে বোচাগঞ্জ থেকে দিনাজপুর শহরের উদ্দেশ্যে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। পথে বাজারদিঘী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ওই অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুই যুবক নিহত হয়। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে যায়। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।