admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২১ ২:৪৩ অপরাহ্ণ
তুরস্ক তালেবান সরকারকে সহায়তা দেবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তুরস্ক সর্বদা কাবুল বিমানবন্দরের নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে। এ ব্যাপারে আঙ্কারা সবপক্ষের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। আফগানের নতুন সরকারের সঙ্গেও সমঝোতায় বসবে তুরস্ক এবং তালেবান সরকারকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।এক সাক্ষাৎকারে তিনি এএফপিকে বলেন, মার্কিন সেনা ও নাগরিকরা তাদের দেশে ফিরে যাওয়া পর্যন্ত তুরস্কের সৈন্যরা কাবুল বিমানবন্দর পাহারা দেবে এবং আমাদের এখনও এই স্বদিচ্ছা রয়েছে।
কাবুল বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক সমঝোতায় এসেছিল আঙ্কারা, যাতে মার্কিন সেনা প্রত্যাহারের পরও কাবুল বিমানবন্দর সুরক্ষিত থাকে। কিন্তু তালেবানের দ্রুত কাবুল দখল তাদের এই পরিকল্পনায় বাধ সাধে। এরদোয়ান বলছেন, আফগানের নতুন পরিস্থিতির সঙ্গে বাস্তবতার মিল রেখে আমরা পরিকল্পনা নিচ্ছি। পরিস্থিতির প্রেক্ষাপটই নির্ধারণ করবে আমরা কিভাবে ও কোন সমঝোতার দিকে আগাচ্ছি।
মার্কিন কর্মকর্তারা বলছেন, তুরস্কের সঙ্গে কাবুল বিমানবন্দরের নিরাপত্তার ব্যাপারে সমঝোতা হয়েছে তা এখনও চলমান রয়েছে। তারা আশা করছে মার্কিনীদের প্রত্যাহার পর্যন্ত আঙ্কারা তাদের দায়িত্ব পালন করবে।
এরদোয়ান বলছেন, নতুন আফগানিস্তানে তুরস্কের সেনাবাহিনীর অবস্থান আফগান প্রশাসনকে আন্তর্জাতিক পরিমন্ডলে আরও শক্তিশালী করবে এবং আমরা আফগান সরকার পরিচালনার কাজে সহায়তা করব। তিনি বলেন, আফগানের নতুন সরকারের সঙ্গে একটি সমঝোতায় আসবে তুরস্ক। এনিয়ে আমরা বিভিন্ন পন্থায় আলোচনা করতে পারি। এরদোয়ান জোর দিয়ে বলেন, যেই ক্ষমতায় থাকুক, তুরস্ক সর্বদা আফগানিস্তানের পাশে আছে।
তালেবান নেতাদের সঙ্গে দেখার করার আগ্রহ প্রকাশ করে এরদোয়ান বলেন, তালেবানের আধুনিক ও মডারেট মনোভাব প্রকাশ করে দেওয়া বিবৃতিকে স্বাগত জানাচ্ছি। এ ব্যাপারে তিনি জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা বলবেন বলে জানান। উল্লেখ্য, কাবুল থেকে এ পর্যন্ত ৫৫২ নাগরিককে সরিয়ে নিয়েছে তুরস্ক।