admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২১ ১১:৩৫ অপরাহ্ণ
তুরস্কে নির্মিত সর্বাধুনিক মানববিহীন যুদ্ধবিমানের সফল উড্ডয়ন। তুরস্কে নির্মিত সর্বাধুনিক মানববিহীন যুদ্ধবিমান বা ইউসিএভি আকিঞ্চির তৃতীয় প্রোটোটাইপ তার প্রথম উড্ডয়ন সম্পন্ন করেছে। প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেইকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বেইকার-এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেলকুক বেইরাকতার শনিবার বিবৃতিটি টুইটারে শেয়ার করেন। তিনি বলেন, তৃতীয় প্রোটোটাইপ আকিঞ্চি পিটি-থ্রি সাফল্যের সঙ্গে প্রথম উড্ডয়ন সম্পন্ন করেছে।
এর আগে মার্চের মাঝামাঝি সময়ে ডেভেলপমেন্ট সিস্টেম আইডেন্টিফিকেশন পরীক্ষায় উত্তীর্ণ হয় মানববিহীন যুদ্ধবিমানটির দ্বিতীয় প্রোটোটাইপ। গত বছরের আগস্টে দ্বিতীয় প্রোটোটাইপটি তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ তেকিরদাগের কোরলো বিমানঘাঁটিতে প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে। বেইরাকতার গত মাসে বলেছিলেন, কোম্পানিটি শিগগির অভ্যন্তরীণ ভাবে মানববিহীন যুদ্ধবিমানটির গণউৎপাদন শুরু করবে। এ বছরের শেষের দিকে আকিঞ্চি তুর্কি নিরাপত্তা বাহিনীর পণ্যতালিকায় যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
ড্রোনটি একটানা ২৪ ঘণ্টা উড়তে পারে। ঊর্ধ্বাকাশে আরোহণের সর্বোচ্চ সীমা ৪০ হাজার ফুট। রয়েছে ২০ মিটারের ডানা। এক হাজার ৩৫০ কেজি ওজন বহনে সক্ষম। আকিঞ্চি-তে স্থানীয়ভাবে তৈরি অ্যাকটিভ ইলেকট্রিক্যালি স্ক্যান্ড অ্যারে শ্রেণির রাডার থাকবে। এ ড্রোনের সঙ্গে থাকবে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র গোকদোয়ান এবং বোজদোয়ান। স্ট্যান্ডঅফ মিসাইলের মতো স্থানীয়ভাবে তৈরি অনেক ধরনের গোলাবারুদ নিক্ষেপ করতে পারবে এটি।