admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২১ ১০:০৩ অপরাহ্ণ
তুরস্কের প্রথম তুরপুন জাহাজ ফাতিহ ড্রিলিং কার্যক্রম পরিচালনার জন্য কৃষ্ণসাগরে নতুন অবস্থানের উদ্দেশে রওনা দিয়েছে। উত্তরাঞ্চলীয় জঙ্গুলডাক প্রদেশের একটি বন্দর থেকে যাত্রা শুরু করে জাহাজটি। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সরকারি তুর্কি পেট্রোলিয়াম করপোরেশন। ফাতিহ এ বছরের গোড়ার দিকে কৃষ্ণসাগরের সাকারিয়া গ্যাসক্ষেত্রের তুরকালি-১ এবং তুরকালি-২ কূপে ড্রিলিং কার্যক্রম সম্পন্ন করে। সেখানে গত বছর ৪০৫ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছিল তুরস্ক, যা তাদের আবিষ্কার করা সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসক্ষেত্র। তুরস্কের কৃষ্ণসাগর উপকূল থেকে প্রায় ১০০ নটিক্যাল মাইল উত্তরে তুনা-১ অবস্থানে এ গ্যাস পাওয়া যায়।

ফাতিহ-এর কার্যক্রম তুরকালি-১ কূপে তিন হাজার ৯২০ মিটার এবং তুরকালি-২ কূপে তিন হাজার ৯৫০ মিটার গভীরতায় বিস্তৃত ছিল। পেট্রোলিয়াম করপোরেশন বলেছে, এটি ফিলিওস বন্দর ছেড়েছে এবং উত্তর সাকারিয়া গ্যাসক্ষেত্রের আমাসরা-১ কূপের দিকে অগ্রসর হয়েছে। কোম্পানিটি জানিয়েছে, নতুন অবস্থানে পৌঁছার পর ফাতিহ ড্রিলিং কার্যক্রম শুরু করবে।
গত বছর বহরে যোগ দেওয়া দেশের তৃতীয় তুরপুন জাহাজ কানুনি শিগগির ‘ফাতিহ’-এর সঙ্গে যোগ দেবে বলে আশা করছেন তারা। নভেম্বরের মাঝামাঝি সময়ে ইস্তাম্বুল থেকে যাত্রা করার পর জাহাজটি বর্তমানে ফ্লিয়োস বন্দরে নোঙর করা হয়েছে এবং সেখানে এটির রক্ষণাবেক্ষণ চলছে। কৃষ্ণসাগরের গ্যাস উপকূলে আনার জন্য ইঞ্জিনিয়ারিং স্টাডি চলছে এবং তুরস্ক ২০২৩ সালের মধ্যে এ গ্যাস দেশটির ট্রান্সমিশন সিস্টেমে যুক্ত করতে সংকল্পবদ্ধ। আশা করা হচ্ছে, এ গ্যাস রিজার্ভের কারণে রাশিয়া, ইরান এবং আজারবাইজানের ওপর থেকে তুরস্কের আমদানি নির্ভরতা কমবে।