admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২০ ৬:৫৭ অপরাহ্ণ
ড. ইউনূস করোনার টিকার সমঅধিকার প্রতিষ্ঠায় ভিন্ন ধরনের এক লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। করোনার টিকার ওপর মানবজাতির সমঅধিকার প্রতিষ্ঠায় ভিন্ন ধরনের এক লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি আলজাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের এ প্রচেষ্টার বিস্তারিত জানান তিনি। টিকা বণ্টনে বৈষম্যের বিষয়ে অর্থনীতিবিদ ইউনূস বলেন, পুরো মানবজাতি সাগরে ডুবে মরছে। এখন উদ্ধারকারী জাহাজ এসে সর্বোচ্চ নিলামদাতাদের তোলার কথা বলছে! তাহলে অন্যদের কী হবে?
বিনামূল্যে নয়, টিকাকে গ্লোবাল কমন গুড ঘোষণা করার দাবি জানাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, টিকার কোনো প্যাটেন্ট যাতে না থাকে, মানবজাতি যেন সমভাবে পায়- সেটাই আমরা বলছি, যা করোনার শুরু থেকেই শঙ্কা করা হচ্ছিল।উন্নত দেশগুলোতে টিকা প্রয়োগ শুরু হয়েছে জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, প্রয়োজনের চেয়েও বেশি টিকার অর্ডার করছে ধনী দেশগুলো। কিন্তু উন্নয়নশীল বা গরীব দেশগুলো কবে এটি পাবে, তা কেউ জানে না।
করোনার টিকা বৈশ্বিকভাবে সর্বসাধারণের সামগ্রী ঘোষণার দাবিতে গত জুন থেকে বিশ্বব্যাপী প্রচারাভিযান শুরু করেন বাংলাদেশের অর্থনীতিবিদ ড. ইউনূস। এতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশের ২৪ জন নোবেল বিজয়ী ছাড়াও ১২৫ জন সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও খ্যাতিমান ব্যক্তিত্ব। ইউনূস সেন্টার জানায়, এভাজ ৯Avaaz) সমর্থিত ইউনূসের এই পিটিশনে গত ১১ ডিসেম্বর পর্যন্ত ৯ লাখ ১৩ হাজার ৪৫৩ মানুষ স্বাক্ষর করেছেন। এতে ঔষধ কোম্পানিগুলোর প্রতি বুদ্ধিবৃত্তিক মালিকানা ও প্রযুক্তি স্বেচ্ছায় হস্তান্তর করা আহ্বান জানানো হয়েছে। যাতে বিশ্বের সবখানে কম খরচে ও কম সময়ে সকল মানুষ টিকা পেতে পারে।