admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০১৯ ৯:৫২ পূর্বাহ্ণ
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার নাম রেজাবুল ইসলাম (২৬)। রোববার সকালে হরিপুর উপজেলার ডাবরি ও বেতনা সীমান্তের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রেজাবুল হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের দক্ষিণ আমগাঁও গ্রামের বদরুল ইসলামের ছেলে। নিহত রেজাবুলের বাবা জানান, শনিবার বিকালে রেজাবুল বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারে যায়। এর পর রাতে ছেলে আর বাড়িতে ফেরেনি। গুলিবিদ্ধ অবস্থায় রোববার সকালে বাড়ির সামনে রাস্তার পাশে পড়েছিল রেজাবুল। তাৎক্ষণিকভাবে একটি মাইক্রো ভাড়া করে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম জানান, নিহতের শরীরে বেশ কয়েকটি গুলি লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান জানান, সীমান্তে যুবক নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।